Lionel Messi | আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায় ঘণ্টা, তরুণদের হাতে ব্যাটন সঁপে দেওয়ার পরিকল্পনা

Lionel Messi | আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায় ঘণ্টা, তরুণদের হাতে ব্যাটন সঁপে দেওয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবশেষে অবসরের (Retirement) চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লিয়োনেল মেসি (Lionel Messi)। তবে ভক্তদের এখনই হতাশ হওয়ার কারণ নেই। কারণ এখনই দেশের নীল-সাদা জার্সি খুলে রাখছেন না ‘এলএম ১০’ (LM10)। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের দাবি, দেশের স্বার্থে আরও কিছুদিন খেলা চালিয়ে গেলেও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ইতিমধ্যেই স্পষ্ট করে ফেলেছেন মেসি।

৩৮ পেরিয়ে ৩৯-এ পা দেওয়া মেসির সাম্প্রতিক পারফর্ম্যান্স কিন্তু বিন্দুমাত্র ভাঁটা পড়ার ইঙ্গিত দেয়নি। আন্তর্জাতিক ফুটবলে এখনও তিনি দুর্দান্ত ফর্মে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টেও ৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪টি গোল। গোলের সুযোগ তৈরি করেছেন ২৫ থেকে ২৬টি। তবে তাঁর হাতে ‘সোনালি বল’ না ওঠা নিয়েও ফুটবল বিশ্বে তৈরি হয়েছিল বিতর্ক। এমন আগুনে ফর্মে থাকা মেসি কি আর্জেন্টিনা দলের হয়ে খেলা চালিয়ে যাবেন? প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল বেশ কিছুদিন ধরে। যদিও মেসি নিজে থেকে অবসরের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

আর্জেন্টিনার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোচ লিয়োনেল স্কালোনির সঙ্গে আলোচনার পর আপাতত অবসর না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে স্কালোনি এখন একটি নতুন আর্জেন্টিনা দল গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছেন। বর্তমান দলের বেশ কয়েকজন তারকার বয়স ৩৫ বা তার বেশি। তাই পুরো দল একলক্ষে পরিবর্তন না করে, ধাপে ধাপে তরুণদের সুযোগ দিতে চান কোচ। জাতীয় দলের এই পরিবর্তনের কঠিন সময়ে তরুণদের পাশে দাঁড়াতে চান অধিনায়ক মেসি। নিজের বিপুল অভিজ্ঞতা দিয়ে নতুনদের আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবেন তিনি। দল সম্পূর্ণ প্রস্তুত মনে হলেই পাকাপাকিভাবে বিদায় জানাবেন তিনি।

তবে এই অন্তর্বর্তীকালীন প্রক্রিয়ায় খুব বেশি দিন থাকবেন না লিয়ো। স্কালোনি (Lionel Scaloni) এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) কর্তাদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, আগামী বিশ্বকাপে তিনি আর খেলবেন না। তাই তাঁকে বাদ দিয়েই যেন স্কালোনি ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করেন।

এএফএ সূত্রে খবর, মেসি অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেই তাঁর জন্য এক অভূতপূর্ব ও জমকালো বিদায়ী ম্যাচের আয়োজন করা হবে। দেশের মাটিতে ভক্তদের সামনে শেষবারের মতো নীল-সাদা জার্সি গায়ে চাপাতে পারেন ফুটবল ঈশ্বর।

কোচ স্কালোনি থেকে শুরু করে এএফএ কর্তারা কেউই মেসির ওপর অবসরের বিষয়ে কোনও জোরজুলুম করতে নারাজ। বিশ্বকাপ ফাইনালের পর স্কালোনি যেমনটা বলেছিলেন—মেসি যতদিন চাইবেন, জাতীয় দলের দরজা তাঁর জন্য সবসময় খোলা থাকবে। অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে ফুটবল জাদুকরের হাতেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *