উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি ভারতীয় সেনার ‘অপারেশন মহাদেব’-এ পহেলগাঁও জঙ্গি হানায় অভিযুক্ত ৩ জঙ্গিকে নিকেশ করেছিল ভারতীয় সেনা। শ্রীনগরের কাছে দাচিগাম ন্যাশনাল ফরেস্টে সেনা-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে প্রাণ যায় জঙ্গিদের। সেই রেশ কাটতে না কাটতেই ফের সেনা-জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে কাশ্মীরের কুলগামের আখাল এলাকায়। জানা গিয়েছে, সেখানে ভারতীয় সেনা ছাড়াও জম্মু ও কাশ্মীরের পুলিশ, সিআরপিএফ রয়েছে। দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলছে আপাতত। জানা গিয়েছে, এদিন তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা বাহিনীকে তাক করে গুলি চালায়। তারফলেই এই ঘটনা ঘটে যায়।
সূত্রের খবর, জঙ্গিরা সম্ভবত লস্কর-ই-তৈবার সদস্য। সংঘর্ষে অন্তত দুই থেকে তিন জন জঙ্গি জড়িত, যাদের অধিকাংশই বিদেশি বলে মনে করা হচ্ছে। কাশ্মীর জোন পুলিশ এক্সে পোস্ট করে জানিয়েছে, এনকাউন্টার এখনও চলছে এবং বাহিনী তাদের কাজ করছে। ইতিমধ্যেই এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো জঙ্গি পালিয়ে যেতে না পারে।বিশেষ সূত্রের খবর অনুযায়ী, জম্মু-কাশ্মীরে বিগত কিছু মাস ধরেই জঙ্গি কার্যকলাপ ফের বাড়তে শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ কাশ্মীরের কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ান এলাকাগুলোতে পাকিস্তান থেকে প্রশিক্ষিত জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা একেবারে তৎপর রয়েছে এবং উপত্যকায় জঙ্গি দমন অভিযানে কোনো রকম ছাড় দেওয়া হবে না। গোটা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।
