উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজধানী দিল্লির যন্তরমন্তরে চলমান ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিবাদ বিক্ষোভকে (CJP Protest) কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়েছে, এই বিক্ষোভের সুযোগ নিয়ে অশান্তি পাকাতে এবং উস্কানিমূলক তথ্য ছড়াতে সক্রিয় হয়েছে পাকিস্তানের হ্যান্ডেলগুলি। ইতিমধ্যেই এমন ৪৮০টিরও বেশি পাকিস্তান-ভিত্তিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে চিহ্নিত করা হয়েছে, যেগুলি দীর্ঘদিন ধরেই ভুয়ো খবর ও বিভ্রান্তি ছড়ানোর কাজে যুক্ত। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, এর মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট এর আগে আলোচিত ‘অপারেশন সিঁদুর’-এর সময়ও একইভাবে উস্কানিমূলক তৎপরতা চালিয়েছিল।
দিল্লি পুলিশের (Delhi Police) এক পদস্থ আধিকারিক সোশ্যাল মিডিয়ায় (Social Media) দেওয়া এক বার্তায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে একশ্রেণির স্বার্থান্বেষী মহল এবং বিদেশি শক্তিগুলি গুজব, ভুয়া পোস্ট ও এডিটেড ভিডিও ছড়িয়ে সাধারণ মানুষকে, বিশেষ করে ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই সমস্ত ক্ষতিকর বিষয়বস্তু সম্পর্কে পুলিশ অত্যন্ত সতর্ক রয়েছে এবং ইতিমধ্যে এই অ্যাকাউন্টগুলি ব্লক করার প্রক্রিয়া শুরু হয়েছে।
পুলিশের স্পষ্ট বার্তা, অনলাইনে ছড়ানো ওই সমস্ত বিভ্রান্তিকর তথ্যের নেপথ্যে রয়েছে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। বিশেষভাবে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ভুয়ো পোস্ট, এডিটেড ভিডিও বা বেনামী কোনো অ্যাকাউন্ট থেকে আসা তথ্যে কান না দেওয়ার জোরালো আবেদন জানানো হয়েছে। কোনো তথ্য শেয়ার করার আগে তা ভালোভাবে যাচাই করার কথাও বলা হয়েছে পুলিশের তরফে। পাশাপাশি, সাধারণ মানুষের আবেগ নিয়ে যাতে কোনো অ্যান্টি-সোশ্যাল এলিমেন্ট বা সমাজবিরোধী শক্তি খেলা করতে না পারে, সেদিকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান জানিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলন করার অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে এবং পুলিশ সবসময় তাকে সম্মান করে। তবে জনশৃঙ্খলা বজায় রাখতে এবং গুজবে কান না দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সাইবার সেল এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে এই পাকিস্তান-চালিত হ্যান্ডেলগুলির ওপর কড়া নজরদারি চালাচ্ছে।

