উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আমতলার কার্যালয়ে বুলডোজার চালানো এবং ২০৩১ সাল নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আইনি জটে জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করেছেন রাজীব সরকার নামে এক যুবক। বিতর্কিত ওই মন্তব্যের ভিডিও খতিয়ে দেখে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে বুলডোজার চালানো হয়। ঘটনার দিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করেন তিনি। অভিষেক দাবি করেছিলেন, ‘‘এই বিল্ডিংয়ের প্ল্যান-সহ যা বৈধ নথি প্রয়োজন সব রয়েছে। তা সত্ত্বেও স্রেফ ক্ষমতা দেখাতে অনেক কিছু করা হচ্ছে। তবে মনে রাখবেন, সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।’’ এরপর আরও এক ধাপ এগিয়ে তিনি মন্তব্য করেন, ‘‘বেঁচে থাকলে ২০৩১ সালে সুদ-সহ সব ফিরিয়ে দেব।’’
অভিষেকের এই মন্তব্যকে সরাসরি ‘হুমকি’ বলে দাবি করে বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন ওই যুবক।
নিয়োগ দুর্নীতি, কয়লা ও বালি পাচার সংক্রান্ত মামলা তো আগেই ছিল, এছাড়া পালাবদলের পর সেবাশ্রয়ে দুর্নীতি, সই জাল কাণ্ড এবং ডিজে মন্তব্যসহ একাধিক অভিযোগে ইতিমধ্যে জর্জরিত হয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সিআইডি এবং রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে তাঁকে। এবার সেই আইনি জট ও মামলার দীর্ঘ তালিকার সঙ্গে যুক্ত হলো এই নতুন মামলা।

