উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ হারের পর মাঠের উত্তেজনার খেসারত এবার বড়সড় শাস্তিতে দিতে হচ্ছে আর্জেন্টিনাকে। ম্যাচ-পরবর্তী সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে (Leandro Paredes) ১০ ম্যাচ এবং সতীর্থ নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচ নির্বাসন দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
শুধু ফুটবলারদের নয়, শাস্তির কোপ পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)-এর উপরও। সংস্থাকে ৩ লক্ষ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘরের মাঠে আর্জেন্টিনার পরবর্তী দুই আন্তর্জাতিক ম্যাচে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই শাস্তির একটি ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে।
নির্বাসনের পাশাপাশি পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। ফিফার তদন্তে উঠে এসেছে, ম্যাচের পর স্পেনের এরিক গার্সিয়াকে গলা ধরে টানেন পারেদেস এবং গাভিকে মাটিতে ফেলে দেওয়ার পর তাঁর মুখে আঘাত করেন বলে অভিযোগ।
গাভি অবশ্য পারেদেসের শাস্তির প্রয়োজন আছে বলে মনে করেননি। তবু স্পেনের এই ফুটবলারকে ম্যাচ-পরবর্তী ঘটনায় তাঁর ভূমিকার জন্য এক ম্যাচ নির্বাসন এবং ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। একই শাস্তি পেয়েছেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও।
আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালা তিন ম্যাচ নির্বাসনের পাশাপাশি ৩০ হাজার ডলার জরিমানা পেয়েছেন। স্পেনের দানি ওলমোকে মুখে আঘাত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
ফিফার মতে, অখেলোয়াড়সুলভ প্রদর্শন, দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির মতো একাধিক নিয়মভঙ্গের কারণে AFA-কে জরিমানা করা হয়েছে। জরিমানার ১ লক্ষ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে বিনিয়োগ করার নির্দেশও দেওয়া হয়েছে। আরও ১ লক্ষ ডলারের শাস্তি স্থগিত রাখা হয়েছে এবং প্রযোজ্য হবে একটি প্রবেশন পিরিয়ড।
এর আগে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল জেতার পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টিনার সার্বভৌমত্ব দাবি করে একটি ব্যানার ধরেছিলেন। সেই ঘটনাও ফিফার শাস্তির পরিধিতে এসেছে।
তবে ফিফার সিদ্ধান্ত মেনে নিচ্ছে না AFA। সংস্থার তরফে জানানো হয়েছে, তারা শাস্তির বিরুদ্ধে আপিল করবে। তাতেও সুরাহা না হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালত CAS-এর দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও রয়েছে।উল্লেখ্য, এই নির্বাসনগুলি শুধুমাত্র আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে; ক্লাব ফুটবলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের উপর এর প্রভাব পড়বে না।

