গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার দীপা দাস সরকারকে নিয়ে এলাকায় তৈরি হলো চাঞ্চল্যকর বিতর্ক। ওয়ার্ডের বিভিন্ন দেয়ালে কাউন্সিলারের ছবি ও নাম সম্বলিত “সন্ধান চাই” লেখা পোস্টার সাঁটানোকে (Lacking Posters Towards Councilor) কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ওই পোস্টারগুলি নজরে আসে। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, গত কয়েকদিন ধরে কাউন্সিলার এবং তাঁর স্বামীকে ওয়ার্ডের এলাকায় সেভাবে দেখা যাচ্ছে না। দৈনন্দিন সমস্যার সমাধান বা জনসংযোগের ক্ষেত্রে তাদের অনুপস্থিতি এলাকাবাসীর মধ্যে অসন্তোষ তৈরি করেছে। সেই ক্ষোভ থেকেই এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলার দীপা দাস সরকার। তিনি বলেন, “আমি এলাকাতেই রয়েছি। নিয়মিত পুরসভার দপ্তরে যাচ্ছি এবং মানুষের কাজ করছি। আমার সাথে যোগাযোগের পথ খোলা রয়েছে, কেউ খোঁজ করতে চাইলে সহজেই যোগাযোগ করতে পারবেন।” পোস্টারের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হলেও, কারা বা কোন উদ্দেশ্যে এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। বিরোধী দলগুলো এই সুযোগে শাসকদলকে নিশানা করতে শুরু করেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কি না, সেদিকেই নজর এলাকাবাসীর।
