শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে যোগফল হয় শূন্য– সিপিএম, কংগ্রেস, তৃণমূলের মধ্যে জোটের প্রস্তাবের প্রেক্ষিতে এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। শনিবার কবি শক্তি চট্টোপাধ্যায়ের বেলেঘাটার বাড়ি গিয়েছিলেন শমীক। কবিপত্নী মীনাক্ষী চট্টোপাধ্যায় অসুস্থ, মূলত তাঁকে দেখতেই গিয়েছিলেন তিনি। ফেরার পথেই এই ‘জোট-প্রস্তাব’ নিয়ে এমনটাই কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শমীকের।
শমীকের সংযোজন, “গণতন্ত্রে সাফল্য তখনই আসে যখন একটি শক্তিশালী বিরোধী শক্তি থাকে। সেটা তো এখানে নেই, এটা দুর্ভাগ্যের।”
আরও পড়ুন:
প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন হয়েছে শুক্রবার। সেই মঞ্চে হাজির হয়ে সিপিএম, কংগ্রেসকে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে জোটের প্রস্তাব দিয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। জল্পনা যাই হোক, এই ধরনের আলোচনা একমাত্র পার্টি অফিসে হতে পারে বলে মন্তব্য করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। তার পর দিনই এই জল্পনা বা চর্চাকে অন্তঃস্বারশূন্য বলে কটাক্ষ করলেন শমীক। তাঁর কথায়, “শূন্যের সঙ্গে শূন্যের যোগফল শূন্য। এরা সবাই গৃহীত, পরিক্ষীত, পরিত্যক্ত শক্তি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতির আঙ্গিকে এরা অপাংক্তেয়। তবে চেষ্টা করতে পারে।”
শুধু তাই নয়, শমীকের সংযোজন, “গণতন্ত্রে সাফল্য তখনই আসে যখন একটি শক্তিশালী বিরোধী শক্তি থাকে। সেটা তো এখানে নেই, এটা দুর্ভাগ্যের।” সিপিএম রাজ্য সম্পাদক কংগ্রেসের কোনও কোনও নেতৃত্বকে ‘তৎকাল’ নেতা বলে মন্তব্য করে বলেছেন তাঁরা ‘প্রিমিয়াম’ সুবিধা নিতে চাইছে। যা নিয়ে শমীকের কটাক্ষ, “ওটা ওদের পারিবারিক ব্যাপার। এখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের জায়গায় মহম্মদ সেলিমের নেতৃত্বে মৌলবাদীদের দল হয়ে গিয়েছে।”
বলে রাখা প্রয়োজন, প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনে শুক্রবার কুণাল ঘোষ বলেন, ‘‘সবাই বলছে, একা লড়াইয়ে প্রস্তুত। আমরা বলব, একা লড়াইয়ে প্রস্তুত। শুভঙ্কর (প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার) বলবে, একা লড়াইয়ে প্রস্তুত। সিপিএম নেতৃত্ব বলবে, একা লড়াইয়ে প্রস্তুত। আর মাঝখান থেকে খেলার মাঠটা ভোট লুঠ করে নিয়ে চলে যাবে বিজেপি।” এখানেই তিনি বিজেপি বিরোধী জোটে সিপিএম, কংগ্রেসকে একত্রে আসার আহ্বান জানান। সেই সময়েই পালটা কংগ্রেস নেতৃত্বের তরফে বলা হয়, ‘‘রাজনীতি বন্ধ করুন।” কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী সঙ্গে সঙ্গে বলেন, ‘‘এটা কুণালের ব্যক্তিগত বক্তব্য। কিন্তু প্রিয়রঞ্জনের মঞ্চে আমরা রাজনীতির কথা বলব না। এটা বহুত্ববাদী মঞ্চ। দলীয় রাজনীতির বাইরে এই মঞ্চকে বাঁচিয়ে রাখব। সেটা মাথায় রেখেই যাঁরা আসার আসবেন, না হলে আসতে হবে না। রাজনীতি বা জোটের প্রস্তাব আর আলোচনার জন্য পার্টি অফিস আছে। তবে কুণাল আমার ছোট ভাই, সে তার বক্তব্য রেখেছে। সেটাও তার গণতান্ত্রিক অধিকার। বলুক, নিশ্চয়ই বলবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
