কুমারগঞ্জ: দীর্ঘ পুলিশি জীবনের শেষ দিনটি শান্তিতে কাটানোর বদলে আইসি (Kumarganj IC) রামপ্রসাদ চাকলাদারের সময় কাটছে প্রশ্নের উত্তর দিতে দিতে। আগামী কাল, ৩১ জানুয়ারি তাঁর ষাট বছর পূর্ণ হচ্ছে—অর্থাৎ তাঁর অবসরের দিন (Police Retirement)। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের মাত্র ২৪ ঘণ্টা আগে রাজ্য পুলিশের বদলির নির্দেশিকায় নাম উঠল তাঁর। কুমারগঞ্জ থানা থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেটে (Howrah Police Commissionerate)। অবসরের ঠিক আগের দিন এই ‘অপ্রত্যাশিত’ পদোন্নতি বা দায়িত্ব বদল ঘিরে এখন জেলাজুড়ে চর্চা তুঙ্গে।
বৃহস্পতিবার রাজ্য পুলিশের পক্ষ থেকে ১০৯ জন আইসি ও সিআই অফিসারের বদলির একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলার আরও চারজন আধিকারিকের সঙ্গে নাম রয়েছে রামপ্রসাদবাবুরও। নির্দেশিকা হাতে আসতেই শুরু হয় গুঞ্জন। চায়ের দোকান থেকে থানা চত্বর—সবখানেই প্রশ্ন, যিনি কাল কর্মজীবন থেকে বিদায় নিচ্ছেন, তিনি আজ হাওড়ায় যোগ দেবেন কীভাবে? এটি কি নিছকই প্রশাসনিক যান্ত্রিক ভুল, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ?
বিষয়টি নিয়ে কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার নিজেই বেশ বিব্রত। তিনি জানান, “আগামীকালই আমার চাকরি জীবন শেষ হচ্ছে। বদলির এই অর্ডারটি সম্ভবত ভুলবশত হয়েছে।” আজ সারাদিন সহকর্মী থেকে সাধারণ মানুষ—সবাই একই প্রশ্ন করায় কিছুটা বিরক্ত তিনি। তবে আজ শুক্রবারই থানার সহকর্মীরা তাঁকে আন্তরিক বিদায় সংবর্ধনা দিয়েছেন। আগামীকাল শনিবার জেলা পুলিশ সুপারের দপ্তরেও তাঁর জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পুলিশ মহলের একাংশের মতে, বদলির তালিকা তৈরি করার সময় অনেক ক্ষেত্রে ডাটাবেসের আপডেট তথ্য না থাকায় এ ধরনের ‘প্রযুক্তিগত ভুল’ ঘটে থাকে। তবে কারণ যা-ই হোক, রামপ্রসাদবাবুর কর্মজীবনের শেষ মুহূর্তটি যে এই নির্দেশের ফলে বেশ স্মরণীয় এবং কিছুটা কৌতুকপূর্ণ হয়ে রইল, তা বলাই বাহুল্য।
