কুমারগঞ্জ: এসআইআরের (SIR) কাজ নির্ধারিত সময়ের আগে সম্পন্ন করায় কুমারগঞ্জ (Kumarganj) ব্লক প্রশাসনের তরফে তিনজন বুথ লেভেল অফিসার (বিএলও) (BLO)-কে সংবর্ধনা দেওয়া হল। এনুমারেশন ফর্ম বিলি থেকে শুরু করে তথ্য সংগ্রহ ও ফর্ম ডিজিটালাইজেশন সব কাজ দ্রুততার সঙ্গে ও সঠিকভাবে শেষ করতে পারায় মাফরুজা বিবি, কুণাল মুখোপাধ্যায় ও মৃত্যুঞ্জয় বর্মাকে এই সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বিডিও শ্রীবাস বিশ্বাস জানান, কুমারগঞ্জ ব্লকের ১৪১টি বুথের মধ্যে প্রায় ৮০ শতাংশ এসআইআরের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তাঁর দাবি, জেলার অন্যান্য ব্লকের তুলনায় কুমারগঞ্জ ‘উন্নত অবস্থানে’ রয়েছে। এর পেছনে কর্মীদের নিষ্ঠা, অধ্যবসায় ও পেশাদারিত্ব মূল ভূমিকা নিয়েছে। তিনি আরও বলেন, ‘শীঘ্রই অবশিষ্ট কাজও শেষ হবে। ব্লকটি জেলার মধ্যে অন্যতম সেরা হিসেবে উঠে আসবে।’
বিএলওদের মধ্যে কুণাল মুখোপাধ্যায় জানান, এই কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে ব্লক প্রশাসনের সার্বিক সহযোগিতা, সহকর্মী বিএলওদের সমন্বয় এবং স্থানীয়দের সহায়তার কারণে। পাশাপাশি তিনি আশাবাদী, ভবিষ্যতেও একইভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রশাসনিক কাজ এগিয়ে যাবে। কুমারগঞ্জ ব্লক প্রশাসনের এই উদ্যোগ শুধু কর্মীদের উৎসাহ জুগিয়েছে তা নয়, প্রশাসনিক কর্মদক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর ক্ষেত্রেও একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছে বিভিন্ন মহল।
