নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চুক্তির শর্ত অমান্য করেছে আইএফএ। এমনই অভিযোগ তুলে বঙ্গ ফুটবল নিয়ামক সংস্থাকে আট পাতার দীর্ঘ চিঠি পাঠাল শ্রাচী।
গত বছর রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থার সঙ্গে তিন বছরের জন্য গাঁটছড়া বাঁধে শ্রাচী স্পোর্টস। আইএফএ’র সঙ্গে যৌথভাবে কলকাতা লিগ, আইএফএ শিল্ড ও ফুটসল লিগ আয়োজনের ব্যাপারে চুক্তি হয়। সম্প্রচার স্বত্বও দেওয়া হয় শ্রাচীকে। তবে বছর ঘোরার আগেই দুই পক্ষের মধ্যে কার্যত দ্বন্দ্ব লেগে গেল। বৃহস্পতিবারই আইএফএ-কে চিঠি দিয়ে নিজেদের ক্ষোভের কথা জানিয়েছে শ্রাচী। অভিযোগ, একমাস আগে লিগের প্রতিটা ম্যাচের সূচি ঘোষণার কথা থাকলেও তা হয়নি। সম্প্রচারের সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও ম্যাচ না হওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। এছাড়াও একাধিক ক্ষেত্রে আইএফএ’র প্রতি গাফিলতির অভিযোগ রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেবিষয় সতর্কও করা হয়েছে।
