Harishchandrapur | জুতো পরে আম্বেদকরের ছবিতে মাল্যদান! অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

Harishchandrapur | জুতো পরে আম্বেদকরের ছবিতে মাল্যদান! অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

শিক্ষা
Spread the love


হরিশ্চন্দ্রপুরঃ শনিবার ছিল ডঃ বি আর আম্বেদকরের জন্মদিন। আর এই দিনে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটার তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে আম্বেদকরের ছবিতে জুতো পরে মাল্যদান করে বিতর্কে জড়ালেন খোদ শাসক দলের এসসিএসটি-ওবিসি সেলের নবনিযুক্ত জেলা সভাপতি মনোজ রাম। আর এই ভিডিও গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষুব্ধ দলেরই একাংশ। (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। এই ঘটনার প্রতিবাদে রবিবার তুলসীহাটা বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূলের জনাকয়েক  কর্মী সমর্থক। তাদের দাবি অবিলম্বে এই ঘটনার জন্য শাসকদলের এসসিএসটি-ওবিসি সেলের জেলা সভাপতি মনোজ রামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। কার্যত এই ঘটনায় ফের আরও একবার প্রকাশ্যে এল তৃণমূলের দলীয় কোন্দল।

এদিকে আম্বেদকরের প্রতিকৃতিতে জুতো পরে মাল্যদানের বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি উত্তর  মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, “এটা ওদের দলের সংস্কৃতি। ভারতের মহামানবদের তৃণমূল সম্মান করতে জানে না।” যদিও বিষয়টি নিয়ে দলের অন্দরে নিন্দার ঝড় উঠলেও জুতো পরে মাল্যদানের বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল নেতা মনোজ রাম। তাঁর  বক্তব্য, জুতো খুলেই তিনি মাল্যদান করেছিলেন। মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে তাকে।

এ প্রসঙ্গে দলের হরিশ্চন্দ্রপুর ওয়ান (বি) ব্লক সভাপতি মর্জিনা খাতুন জানান, বিষয়টি তিনি শুনেছেন, তিনি ব্যক্তিগত স্তরে বিষয়টি খতিয়ে দেখবেন দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করবেন।

প্রসঙ্গত, এই মনোজ রাম এর আগে নিজের কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি বের করে ফেলে দিয়েছিলেন বাইরে। দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। তারপরেও তিনি গুরুত্বপূর্ণ পদ পেয়ে যান সাংগঠনিক রদবদলে। তবে এবার নতুন করে বিতর্কের মুখে এই তৃণমূল নেতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *