নিজস্ব প্রতিনিধি,কলকাতা: রাজ্য ভলিবল সংস্থার ঝামেলা অব্যাহত রয়েছে। শুক্রবার সংস্থার সংবিধান ও নির্বাচন বিষয়ক কমিটির বৈঠকে দুই পক্ষের মধ্যে একদফা উত্তপ্ত বাদানুবাদ হয়। পরে কমিটির চেয়ারম্যান প্রকাশ রায় বলেছেন, ‘এদিন বৈঠকে সচিব রথীন রায়চৌধুরী যে সংবিধানের কপি আমাদের দেখিয়েছেন তাতে কোনও সরকারি ছাপ ছিল না। তাই আমরা সংবিধানের আসল কপিটি চেয়েছি। উনি ১৫ দিনের মধ্য তা এনে দেখাবেন বলে জানিয়েছেন।’ এক সদস্য তিন-চারদিনের মধ্যে আসল কপি বার করার ঘোষণা করলে সচিব রাজি হননি।
বৈঠকের শেষলগ্নে সচিব রথীনের সঙ্গে প্রাক্তন ভলিবল খেলোয়াড় মহামায়া চৌধুরী তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। পরে তিনি অভিযোগ করেছেন, ‘গত মঙ্গলবার ভলিবল তাঁবুতে একদল বহিরাগত এসে আমাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিল। তারই পরিপ্রেক্ষিতে সচিবের কাছে জানতে চেয়েছিলাম, এই বিষয়ে তিনি কী ব্যবস্থা নিয়েছেন। কিন্তু সচিব আমাদের স্পষ্ট বলে দিলেন তিনি কোনও ব্যবস্থা নেবেন না।’ সব মিলিয়ে শুক্রবার সন্ধ্যায় উত্তপ্ত ময়দানের ভলিবল তাঁবু।
