Kishanganj | ডিউটির সময়েই মর্মান্তিক পরিণতি! সার্ভিস রাইফেল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী এসএসবি জওয়ান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কিশনগঞ্জ: নেপাল সীমান্তবর্তী কিশনগঞ্জ (Kishanganj) জেলার ঠাকুরগঞ্জ ব্লকের জিয়া পোখোর থানা এলাকার গিলা বাড়ি বিওপি-তে মর্মান্তিক ঘটনা। রবিবার ভোরে নিজের সার্ভিস রাইফেল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সশস্ত্র সীমা বল বা এসএসবি-র (SSB) ১৯ নম্বর ব্যাটালিয়নের এক কনস্টেবল। এই আকস্মিক ঘটনায় জওয়ানের মহলে ও সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। মৃত জওয়ানের বাড়ি দার্জিলিং জেলায় বলে জানিয়েছে পুলিশ সূত্র।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কনস্টেবল চয়ন মন্ডলের (২৪) শনিবার রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত বিওপি-তে সেন্ট্রি ডিউটি ছিল। সেই ডিউটি চলাকালীনই নিজের সরকারি ইনসাস (INSAS) রাইফেল দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ। হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ব্যারাক ছেড়ে ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু ততক্ষণে রক্তে ভেসে যাওয়া জওয়ানের মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁরা।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জিয়া পোখোর থানার আইসি গৌতম কুমার, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও-২) মনোজ কুমার, এসএসবি-র ডিআইজি এ কে সিং এবং একটি ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ইনসাস রাইফেলের একটি খালি কার্তুজ উদ্ধার করেছে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কিশনগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সহকর্মীর ধারণা, পারিবারিক কোনো অশান্তি কিংবা কর্মক্ষেত্রের অত্যধিক মানসিক চাপের কারণেই এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন ওই তরুণ জয়ান। তবে এই বিষয়ে এসএসবি-র বড় কর্তারা বা উচ্চপদস্থ আধিকারিকরা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি, তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে পুলিশ ও বাহিনী যৌথভাবে সমস্ত দিক তদন্ত করে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *