খড়িবাড়ি: একদিকে এসআইআর (SIR) ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি, অন্যদিকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। ঠিক এই আবহে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে (Khoribari) আগ্নেয়াস্ত্র সহ এক কিশোরকে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অভিষেক পাসোয়ান ওরফে বিদুর (১৬)। বাড়ি খড়িবাড়ির শিবুজোত এলাকায়।
পুলিশ সূত্রে খবর, অভিষেক গুজরাটের একটি প্লাইউড কারখানায় শ্রমিকের কাজ করত। দিন সাতেক আগে সে খড়িবাড়িতে নিজের বাড়িতে ফেরে। অভিযোগ, শুক্রবার রাতে সে পিস্তল নিয়ে প্র্যাকটিস করার সময় একটি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয়দের সন্দেহ হয় এবং সেই খবর পুলিশের কাছে পৌঁছায়। এরপর শনিবার রাতে খড়িবাড়ি থানার পুলিশ ওই কিশোরের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধৃতের এক আত্মীয় বিহারের দিকে চম্পট দিলেও অভিষেককে ধরে ফেলে পুলিশ। এরপর বাড়িতে তল্লাশি চালিয়ে কুয়োর পাশে ইট দিয়ে ঢাকা অবস্থায় একটি ওয়ান সাটার দেশি পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অভিষেক বিহারের কাটিহারের এক আত্মীয়ের মাধ্যমে ১২ হাজার টাকার বিনিময়ে কিশনগঞ্জ থেকে এই আগ্নেয়াস্ত্রটি কিনেছিল। রবিবার অভিযুক্তকে দার্জিলিং জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। কী উদ্দেশ্যে ওই কিশোর পিস্তলটি কিনেছিল এবং এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক আত্মীয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।
