উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ দুর্গাপুজোর পাস ও প্রিভিউ শো কেলেঙ্কারিতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারিকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, ঠিক তখনই দলের অন্দরে বোমা ফাটালেন শ্রীরামপুরের প্রবীণ তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এক সাংবাদিক বৈঠকে বিস্ফোরক মন্তব্য করে তিনি দাবি করেন, “দিদির আশীর্বাদে ববি হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, এরা সবাই নায়ক। আমরা তো ভিলেন হয়েই রয়ে গিয়েছি।” এখানেই থেমে না থেকে তাঁর স্পষ্ট কথা, রাজনীতির ক্ষমতার অতিরিক্ত মোহ এবং “অতি ক্ষমতাই দুর্নীতির আসল কারণ”।
সাংবাদিক বৈঠকে দলের অন্দরের দীর্ঘদিনের লড়াই ও বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু মানুষ রাজনীতিতে আসেন কেবল ক্ষমতাকে ভালোবাসতে এবং বর্তমানে এই দলের লোকই বেশি। কিন্তু তাঁরা দলের প্রতি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা থেকেই লড়াই চালিয়ে যাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়কে একা দায়ী করলে হবে না। আরও অনেকে পরপর আছে।” এর পাশাপাশি তাঁর সংযোজন, কোনো রাজনৈতিক দলেরই একটানা ৫ থেকে ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়, কারণ দীর্ঘমেয়াদী এবং অতি ক্ষমতাই দুর্নীতির মূল জন্ম দেয়।
বর্তমান রাজনীতিতে সততার সঙ্গে টিকে থাকা যে অত্যন্ত বেদনাদায়ক, তাও এ দিন আক্ষেপের সুরে স্বীকার করে নেন এই প্রবীণ সাংসদ। তাঁর মতে, এখনকার দিনে অনেকে রাজনীতি করতে আসেন না, আসেন ব্যবসা করতে। এই সমস্ত মানুষের ব্যক্তিগত কীর্তিকলাপের জন্যই দিন দিন দল দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া কাজল শেখের নিরাপত্তা তুলে নেওয়া এবং দলবদলু প্রসঙ্গেও এ দিন বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

