কিশনগঞ্জ: বিহারের পূর্ণিয়ায় এক মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিলাসবহুল গাড়ি রেলিং ভেঙে সোজা গিয়ে পড়ে সৌরা নদীতে (Purnia Automotive Accident)। এই ভয়াবহ দুর্ঘটনায় গাড়িচালক তথা মালিক জলে ডুবে ঘটনাস্থলেই মারা যান। নিহত ওই যুবক বিহারের পূর্ণিয়ার প্রাক্তন জনতা দল (ইউনাইটেড) সাংসদ সন্তোষ কুশবাহার তুতো ভাই বলে জানা গিয়েছে। মর্মান্তিক এই ঘটনার জেরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পূর্ণিয়ার কাপ্তান সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় একটি বিলাসবহুল চারচাকা গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সেতুর রেলিং ভেঙে সজোরে নীচে সৌরা নদীতে গিয়ে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা মালিক তথা চালক বাবলু কুশবাহা (৩০) জলের মধ্যে আটকে পড়েন এবং গাড়ি থেকে বের হতে না পেরে জলে ডুবে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে আসেন এবং পুলিশে খবর দেন। এরপর পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালিয়ে জলের নিচ থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এবং চালকের মৃতদেহ উদ্ধার করা হয়।
এই দুর্ঘটনা এবং মৃত যুবকের পরিচয় সামনে আসার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই প্রাক্তন সাংসদ সন্তোষ কুশবাহা এবং তাঁর বহু সমর্থক দ্রুত ঘটনাস্থলে যান। পূর্ণিয়া সদর হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ মৃতদেহ পরিবারের লোকজনের হাতে তুলে দেয়। এক তরুণ যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবার তথা এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
The publish Purnia Car Accident | পূর্ণিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সৌরা নদীতে পড়ল বিলাসবহুল গাড়ি; ডুবে মৃত প্রাক্তন জেডিইউ সাংসদের আত্মীয় appeared first on Uttarbanga Sambad.
