Kalna | টোল-চতুষ্পাঠীর ঐতিহ্য থেকে আজকের থিম! সরস্বতী পুজোয় বঙ্গের শ্রেষ্ঠ আরাধ্যভূমি কালনা

Kalna | টোল-চতুষ্পাঠীর ঐতিহ্য থেকে আজকের থিম! সরস্বতী পুজোয় বঙ্গের শ্রেষ্ঠ আরাধ্যভূমি কালনা

ব্লগ/BLOG
Spread the love


কালনা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হলেও, মন্দিরনগরী কালনার কাছে সরস্বতী পুজোই হলো প্রধান ঐতিহ্যের উৎসব। আজ বিদ্যাদেবীর আরাধনায় মেতেছে গোটা বাংলা, কিন্তু কালনার এই উন্মাদনার নেপথ্যে রয়েছে কয়েকশ বছরের প্রাচীন এক শিক্ষাকেন্দ্রিক ইতিহাস। ইতিহাসবিদ ও গবেষকদের মতে, প্রাচীন টোল ও চতুষ্পাঠীর সংস্কৃতিই কালনার সরস্বতী পুজোকে আজকের এই মহীরুহের আকার দিয়েছে।

ইতিহাস বলছে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে কালনা শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চল ছিল শিক্ষা অর্জনের অন্যতম পীঠস্থান। ১৮৩৫ সালে উইলিয়াম অ্যাডামের একটি রিপোর্ট অনুযায়ী, তৎকালীন বর্ধমান জেলায় থাকা ১৯৫টি চতুষ্পাঠীর মধ্যে শুধু কালনাতেই ছিল ৫৭টি। তারানাথ তর্ক বাচস্পতি, অক্ষয় ভট্টাচার্য বা সীতানাথ তর্কবাগীশের মতো প্রথিতযশা পণ্ডিতদের চতুষ্পাঠীগুলিতেই প্রথম সরস্বতী পুজোর সূচনা হয়। একদা হোগলাপাতার মণ্ডপ, আলপনা আর তেলের বাতির সেই ভক্তিপূর্ণ পুজোই আজ কালনার শ্রেষ্ঠ ঐতিহ্যে পরিণত হয়েছে।

কালনা একসময় ছিল গুরুত্বপূর্ণ নদীকেন্দ্রিক বাণিজ্য নগরী। সময়ের সাথে সাথে টোলগুলি হারিয়ে গেলেও ব্যবসায়ীদের হাত ধরে এই পুজো স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে তা লাভ করে ‘সর্বজনীন’ রূপ। ইতিহাস গবেষক সোমনাথ ভট্টাচার্য জানান, “তৎকালীন সময়ে নবদ্বীপকে ‘বাংলার অক্সফোর্ড’ বলা হলেও কালনার পণ্ডিতদের খ্যাতিও কোনো অংশে কম ছিল না। চৈতন্যদেবের বাল্যশিক্ষার কেন্দ্র ছিল এই মহকুমার মাগনপুর। সেই শিক্ষা সংস্কৃতির ধারা বয়েই কালনার সরস্বতী পুজো আজ বিশ্বখ্যাত।”

এবছর কালনা শহর ও শহরতলি মিলিয়ে ২০০-র বেশি সরস্বতী পুজো হচ্ছে। জৌলুস ও আধুনিক থিমের ছোঁয়ায় কালনার পুজো এখন নবদ্বীপের রাস বা শান্তিপুরের ভাঙা রাসের সমতুল্য জনপ্রিয়তা পেয়েছে। লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় সামলাতে প্রস্তুত প্রশাসন। থিম আর আলোকসজ্জার ভিড়ে আজও কালনাবাসী তাঁদের সেই প্রাচীন জ্ঞানচর্চার ঐতিহ্যকেই খুঁজে ফেরেন দেবীর আরাধনায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *