শিলিগুড়ি: জেলায় জেলায় ব্যাপক সাড়া ফেলেছে বিজেপি সরকারের ‘জনকল্যাণ শিবির’ (Janakalyan Shibir)। আর তাই এবার জনসাধারণের সুবিধার্থে বাড়ানো হল এই শিবিরের সময়সীমা। বুধবার ফলতা থেকে একথা ঘোষণা করেছেন খ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৫৫টি জনমুখী প্রকল্পের সুবিধা একছত্র দিতেই চালু করা হয়েছে জনকল্যাণ শিবির। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১৫ থেকে ১৭ জুন অর্থাৎ আজ অবধি এই শিবির চলার কথা ছিল। তবে অন্নপূর্ণা ভাণ্ডার ও আয়ুষ্মান ভারত সহ একাধিক প্রকল্পের ফর্ম পূরণ, নথিভুক্তিকরণ ও যাচাইয়ের জন্য সকাল থেকেই শিবিরগুলিতে উপচে পড়ছে মানুষের ভিড়। তাই সেকথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Prolonged)। ফলে আগামী ১৮ জুন, বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই শিবির। এনিয়ে শুভেন্দু বলেন, ‘এত কম সময়ে রাজ্যের অনেক প্রান্তিক এলাকায় শিবির করা যায়নি। তাই লম্বা লাইন রয়েছে শিবিরগুলিতে। সেজন্যই জনসাধারণের কথা মাথায় রেখে আগামিকাল পর্যন্ত এই শিবির চলবে।’
বিগত সরকারের ‘দুয়ারে সরকার’-এর আদলে তৈরি এই কর্মসূচির আওতায় রাজ্যজুড়ে মোট ১১০০টি শিবির স্থাপন করা হয়েছে। প্রতিটি জেলাতেই সাধারণ মানুষের সুবিধার্থে সরকারি আধিকারিকরা তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছেন।

