ওদলাবাড়ি: বকেয়া রয়েছে ৪টি পাক্ষিক হাজিরা, তার উপরে ২০ শতাংশ হারে বোনাস দেওয়া নিয়ে টালবাহানা করছেন বাগান কর্তৃপক্ষ। ফলে টানা ৫ ঘন্টা ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন জলপাইগুড়ির (Jalpaiguri) বাগরাকোট চা বাগানের (Bagrakote Tea Backyard) শ্রমিকরা।
বাগান কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের ১০ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা জানানো হয়েছিল, বাকি ১০ শতাংশ হোলির মধ্যে ২ দফায় মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু শ্রমিকরা তা মানতে নারাজ। এদিন দীর্ঘক্ষণ অবরোধ চলার পরও কোনও সরকারি আধিকারিক শ্রমিকদের সঙ্গে কথা বলতে আসেননি। পরে ফোনে শ্রমিকদের সঙ্গে কথা বলেন মালবাজারের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার। তিনি প্রথমে ১০ শতাংশ বোনাস ও দ্বিতীয় দফায় পুজো ও দীপাবলির মাঝে বকেয়া ২ টি পাক্ষিক হাজিরা শ্রমিকদের দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেছেন শ্রমিক নেতারা। তাদের হুঁশিয়ারি ১০ শতাংশ বোনাসের সঙ্গেই বকেয়া ২ টি পাক্ষিক হাজিরা মিটিয়ে দিতে হবে। আগামীকাল সকাল ৮ টা পর্যন্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন তাঁরা। না হলে আগামীকাল ফের অবরোধ হবে। প্রয়োজনে রেল রোকোও হতে পারে বলে জানিয়েছেন শ্রমিকরা।
