Jalpaiguri | পুরোনো মুদ্রা থেকে পোশাক দেখার সুযোগ, দুই কলেজের সংগ্রহ দেখাচ্ছে নয়া দিশা

Jalpaiguri | পুরোনো মুদ্রা থেকে পোশাক দেখার সুযোগ, দুই কলেজের সংগ্রহ দেখাচ্ছে নয়া দিশা

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: উত্তরবঙ্গজুড়ে রয়েছে বিভিন্ন জনজাতি। এইসব জনজাতি সম্পর্কে বইয়ে পড়লেও তাদের ব্যবহৃত পোশাক, অলংকার, বাদ্যযন্ত্র দেখার ও জানার সুযোগ অনেকেরই হয়ে ওঠেনি। ৮৪তম প্রতিষ্ঠা দিবসে সেই সুযোগ করে দিল জলপাইগুড়ির আনন্দ চন্দ্র কলেজ (Jalpaiguri)৷ মঙ্গলবার এখানে উদ্বোধন হল নর্থবেঙ্গল সেন্টার ফর স্টাডিজ, যেখানে রয়েছে রাভা, ধিমাল, ডুকপা, লেপচা জনজাতির ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস সহ পুরোনো দিনের সংবাদপত্র এমনকি মুদ্রাও। অন্যদিকে, প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়েও রয়েছে একটি সায়েন্স মিউজিয়াম।

আনন্দ চন্দ্র কলেজের সংগ্রহশালায় ঢুকলেই দেখা যাবে রাভাদের পাশাপাশি ধিমাল, ডুকপা জনজাতির পোশাক, শাঁখা-পলা, কানের দুল, মালা, বাদ্যযন্ত্র, মাছ ধরার সরঞ্জাম রয়েছে। এছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক পাই সিক্কা, পাল রাজবংশের ১ দিরহাম, ভিক্টোরিয়ার সময়কালের দেড় পয়সা সহ আরও অনেক ধরনের মুদ্রা, পুরোনো সংবাদপত্রের দেখা মিলবে। ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডঃ বিশ্বজিৎ রায়ের কথায়, ‘দায়িত্বভার পেতেই ধিমাল, রাভাদের এইসব সরঞ্জাম জোগাড়ে বেরিয়ে পড়েছিলাম। এছাড়া দার্জিলিংয়ের এসডিও লেপচা, লিম্বু, ডুকপা সহ ৬টি জনজাতির পোশাক, অলংকার দিয়ে সাহায্য করেন।’

ইতিহাসের অধ্যক্ষ ডঃ দিগন্ত চক্রবর্তী বলেন, ‘ভূগোল বিভাগ শিক্ষামূলক ভ্রমণ থেকে বিভিন্ন পাথর সংগ্রহ করে এই সংগ্রহশালায় রেখেছে। শিক্ষাবিদ ডঃ আনন্দগোপাল ঘোষ পুরোনো সংবাদপত্র সহ অন্যরা দান করেছেন বিভিন্ন জিনিস।’

ভিজিটরদের জন্য একটি নির্দিষ্ট সময় দেওয়া হবে, যাতে সকলেই উত্তরবঙ্গের লোকসংস্কৃতি, জনজাতি, ব্রিটিশ আমলের মুদ্রা সম্পর্কে জানতে পারেন বলে জানালেন অধ্যক্ষ ডঃ দেবাশিস দাস।

অন্যদিকে, প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের সংগ্রহশালাটি  চলতি বছরেই পথ চলা শুরু করেছে। পুরোনো দিনের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানকার প্রধান আকর্ষণ। কলেজের অধ্যক্ষ ডঃ সমাপ্তি সাহার কথায়, ‘এবার ন্যাক ভিজিটের আগেই কলেজে এই মিউজিয়াম তৈরি করা হয়েছিল। আমাদের কলেজের ছাত্রীদের পাশাপাশি অন্যান্য কলেজ, গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিংবা স্কুলের পড়ুয়ারাও এখান থেকে অনেক তথ্য পাবেন। মূল উদ্দেশ্য, প্রায় ৬০ বছর পুরোনো জিনিসগুলো যেন সকলেই দেখতে পারেন ও জানতে পারেন।’

এই সংগ্রহশালায় রয়েছে রসায়ন, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, ভূগোল ল্যাবে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র। যেমন, পদার্থবিদ্যায় ব্যবহৃত হওয়া সেই অ্যাভোমিটার থেকে রসায়নের ওয়াটার বাথ। এছাড়া রয়েছে উদ্ভিদবিদ্যায় ব্যবহৃত কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যা প্রায় ৩০-৪০ বছর বা তারও পুরোনো। সেইসঙ্গে রয়েছে ভূগোলের বিভিন্ন ব্যারোমিটার ও কম্পাস।

জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ডঃ সুদীপ্তা শিকদার বলেন, ‘শহরের দুটি কলেজের সংগ্রহশালা পড়ুয়াদের অনেক কিছু জানতে ও শিখতে সাহায্য করবে। ইচ্ছে রয়েছে ভিজিট করানোর।’

এই দুটি সংগ্রহশালা স্কুল-কলেজের পড়ুয়াদের পাশাপাশি গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাহায্য করবে বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *