অসলো: হারের পর ক্ষোভের বহিঃপ্রকাশ। খেলার দুনিয়ায় এমন ঘটনার একাধিক উদাহরণ রয়েছে। দাবার মঞ্চেও বেনজির নয়। ডোম্মারাজু গুকেশের কাছে হারের পর ম্যাগনাস কার্লসেনের প্রতিক্রিয়াও ঠিক তেমনই।
বিশ্বের এক নম্বর দাবাড়ুর তকমা এখনও ম্যাগনাসের দখলেই। অন্যদিকে, বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট গুকেশের মাথায়। স্বভাবতই দুই তারকার সাক্ষাৎ মানেই মর্যাদার লড়াই। ঠিক সেই কারণেই বোধহয় ভারতীয় দাবাড়ুর কাছে হারটা হজম করতে পারেননি কার্লসেন। তবে বিশ্ব দাবা সংস্থা ফিডে এই ঘটনার পর নরওয়ের দাবাড়ুকে কি সতর্ক করবে? সংস্থার সহ সভাপতি বিশ্বনাথন আনন্দ জানালেন, খুব শীঘ্রই হয়তো এব্যাপারে তাঁরা আলোচনায় বসবেন।
নরওয়ে দাবায় গুকেশের কাছে হেরে মেজাজ হারানোয় প্রবল সমালোচিত হচ্ছেন ম্যাগনাস। আনন্দ মনে করছেন, হারের পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি নরওয়ের দাবাড়ু। বলেছেন, ‘কার্লসেনের কাছে প্রতিটা ম্যাচের গুরুত্বই সমান। তবে গুকেশের সঙ্গে ওর দ্বৈরথ অন্য মাত্রা নিয়েছে।’ তাঁর সংযোজন, ‘নিশ্চিতভাবে ডোম্মারাজুর বিরুদ্ধে দুই পর্বেই জিততে চেয়েছিল ম্যাগনাস। কারণ ম্যাচটা মর্যাদার লড়াই। জিতে হয়তো অনেককিছু প্রমাণ করতে চেয়েছিল। তার চেয়েও বড় কথা, জেতার মতো জায়গায় পৌঁছে যাওয়ার পর কেউই হারতে চায় না। ঠিক সেটাই হয়েছে ম্যাগনাসের ক্ষেত্রে। হয়তো সেই কারণেই আরও বেশি হতাশ হয়েছে।’
