জলপাইগুড়ি: মহালয়ার কাউন্টডাউন শুরু হতেই শারদীয়ার আকাশে নেমে এসেছে কালো মেঘের ঘনঘটা। একদিকে চা বাগানগুলিতে উৎসবের আমেজে বোনাস বিলি শুরু হওয়া এবং অন্যদিকে জলপাইগুড়ির (Jalpaiguri) দিনবাজার, কামাড়পাড়া ও মার্চেন্ট রোডের মতো ব্যস্ত বাজারগুলিতে নতুন জামাকাপড় ও জুতোর দোকানে উপচে পড়া ভিড়—সব মিলিয়ে জমে উঠেছিল পুজোর বাজার। কিন্তু এই আনন্দের মাঝে বড় ‘ভিলেন’ হয়ে দাঁড়িয়েছে লাগাতার বৃষ্টি।
শনিবারের পর রবিবার ছুটির দিনেও ছুটির আমেজকে মাটি করে দিয়েছে আবহাওয়া। দুপুরের পর থেকেই জলপাইগুড়ির আকাশে মেঘের গর্জন আর বেলা তিনটে নাগাদ ঝমঝমিয়ে নেমে আসা বৃষ্টিতে (Rain) পণ্ড হয়েছে কেনাকাটার আনন্দ। কখনও ধীরলয়ে, কখনও আবার মাঝারি থেকে ভারী বর্ষণে মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেছে রাস্তার দুই ধারের ফুটপাথ ও ছোট দোকানগুলো। শপিং মলগুলিতে ক্রেতাদের ভিড় কিছুটা দেখা গেলেও, ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাথায় হাত। মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেছে বিকিকিনিতে ব্যস্ত থাকা বিক্রেতাদের হাসিমুখ।
শুধু ক্রেতাদের আংশিক অনুপস্থিতিই নয়, বৃষ্টির জলে ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ফুটপাথের অনেক খোলা দোকানের জিনিসপত্র। বিহার ও ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় নিলেও, বঙ্গে বর্ষার পাকাপাকি বিদায় নিয়ে আবহাওয়া দফতর এখনও কোনও স্বস্তির খবর দেয়নি। হাওয়া অফিসের অনুমান, পুজোর (Durga Puja) প্রাক্কালে আরও অন্তত এক সপ্তাহ এই বৃষ্টির প্রকোপ বজায় থাকতে পারে। আর তাতেই ঘুম উড়েছে জলপাইগুড়ির স্থানীয় ব্যবসায়ী মহলের।
The publish Jalpaiguri | পুজোর মুখে বরুণদেবের কোপ! লাগাতার বৃষ্টিতে মাথায় হাত জলপাইগুড়ির ক্ষুদ্র ব্যবসায়ীদের appeared first on Uttarbanga Sambad.
