Bihar Floods | ১৫ জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত ৪৬ লক্ষ মানুষ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : লাগাতার বৃষ্টি ও নদীর জলস্তর বৃদ্ধির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল আকার ধারণ করেছে। রাজ্যের ১৫টি জেলার প্রায় ৪৬ লক্ষ মানুষ এই বিপর্যয়ের মুখে পড়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরের (ডিএমডি) তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, ১৫টি জেলার ৮৮টি ব্লকের ৫৬১টি গ্রাম পঞ্চায়েত এলাকা বর্তমানে প্লাবিত।

বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে ভাগলপুর, পাটনা, সারণ, বৈশালী, বেগুসরাই, কাটিহার, পূর্ণিয়া এবং বক্সার। এছাড়াও ভোজপুর, লখিসরাই, খাগাড়িয়া, মাদারপুরা, আরারিয়া, সমস্তিপুর ও মুঙ্গের জেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। বিহার আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে রাজ্যে স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দুর্যোগ মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ছ’টা পর্যন্ত ভাগলপুরের সুলতানগঞ্জে গঙ্গার জলস্তর বিপদসীমার ২.১২ মিটার উপর দিয়ে বইছিল, যদিও জলের গতি কিছুটা কমছে। এছাড়াও গন্ডক, কোশী, বুড়ি গন্ডক, বাগমতি এবং ঘাঘর নদীর জলস্তরও বিভিন্ন স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় মাঠে নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র ২৭টি দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র ১০টি দল। আগামী দু’দিন রাজ্যের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যা পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *