জলপাইগুড়ি: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ ধীরাজমোহন ঘোষ। সোমবার রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাঁর এই নিয়োগের ফলে জেলার প্রাথমিক শিক্ষা মহলে নতুন আশার সঞ্চার হয়েছে।
কে এই ধীরজমোহন ঘোষ?
- প্রাক্তন প্রধান শিক্ষক: ধীরাজমোহন ঘোষ জলপাইগুড়ি জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক।
- স্বচ্ছ ভাবমূর্তি: শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অবদান রয়েছে এবং তাঁর কার্যকালে জেলা স্কুল পঠনপাঠন ও ফলাফলের দিক থেকে প্রথম সারিতে ছিল।
- রাজনৈতিক পরিচয়: তিনি বর্তমানে শাসকদল বিজেপির জেলা মুখপাত্রের দায়িত্বেও রয়েছেন।
ডিপিএসসি-র বিগত চেয়ারম্যান ছিলেন তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ লক্ষ্যমোহন রায়। তাঁর আমলে শিক্ষক বদলি সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ধরনের মনোনীত পদ থেকে সমস্ত পূর্ববর্তী কর্তাদের মতো তাঁকেও সরে যেতে হয়। তবে বিদায়ের দিনেও তাঁর বিরুদ্ধে ব্যাকডেটে পুরানো বিলে সই করার গুরুতর অভিযোগ ওঠে।
অপরদিকে এদিন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর ধীরাজমোহন ঘোষ জানিয়েছেন, বুধবার তিনি দায়িত্বভার গ্রহন করবেন এবং সেদিনই সমস্ত বিষয়ে বক্তব্য রাখবেন।
পূর্বের জমানার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কাটিয়ে ধীরজমোহন ঘোষের নেতৃত্বে জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কতটা স্বচ্ছতা ও সুনামের সঙ্গে কাজ করতে পারে, এখন সেটাই দেখার বিষয়।
The put up Jalpaiguri | বদল এল শিক্ষা সংসদে! জলপাইগুড়ি ডিপিএসসি-র নতুন চেয়ারম্যান ধীরাজমোহন ঘোষ appeared first on Uttarbanga Sambad.
