উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur College) ছাত্র সংগঠনগুলির বিক্ষোভ ঘিরে তৈরি হওয়া উত্তেজনার আঁচ এবার গিয়ে পড়ল বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শিল্পকর্মে। অভিযোগ, বিক্ষোভের মধ্যেই ভেঙে দেওয়া হয়েছে শিল্পী নন্দলাল বসুর তৈরি বিশ্ববিদ্যালয়ের ফলক। এই ঘটনায় ABVP সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে গেরুয়া পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ABVP-র ছাত্ররা। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে লাল পতাকা নিয়ে অবস্থান করছিলেন AIDSO-র ছাত্ররা।
গেটে তালা এবং বাইরে পুলিশ মোতায়েন থাকায় ABVP সমর্থকদের একাংশ গেট বেয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। সেই সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, গেট ধরে ধস্তাধস্তির সময় নন্দলাল বসুর তৈরি ফলকে লাথি মারা হয়। এরপর সেটি ভেঙে যায় এবং ভাঙা ফলকটি ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগও ওঠে।
ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী এই ঘটনাকে যাদবপুরের ঐতিহ্যের প্রতি অসম্মান বলে মন্তব্য করেছেন। কবি অংশুমান করও ঘটনার কড়া সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, নন্দলাল বসুর মতো বিশিষ্ট শিল্পীর তৈরি প্রতীক কীভাবে ভাঙচুরের শিকার হল। সাহিত্যিক তিলোত্তমা মজুমদারের বক্তব্যেও উঠে এসেছে ক্যাম্পাসে এমন ঘটনার সাংস্কৃতিক প্রভাব নিয়ে উদ্বেগ।
তবে অভিযোগের পাল্টা বক্তব্যও সামনে এসেছে ABVP-র তরফে। সংগঠনের এক সমর্থকের দাবি, তাঁদের পতাকা ছেঁড়া হয়েছিল এবং ক্যাম্পাসে ‘ভারত-বিরোধী কাজ’ ও ক্যাম্পাস দখল নিয়ে প্রশ্ন তুলতে যাওয়ার পর তাঁদের উপর হামলা হয়। ফলক ভাঙার অভিযোগ অবশ্য তাঁরা মানেননি।

