অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: মহকুমা প্রশাসনিক সদর হওয়া সত্ত্বেও স্বাস্থ্য পরিষেবায় এখনও চরম বঞ্চনার শিকার বুনিয়াদপুর (Buniadpur Hospital Demand)। উন্নত চিকিৎসার অভাবে মুমূর্ষু রোগী থেকে শুরু করে প্রসূতি বা দুর্ঘটনাগ্রস্তদের ভরসা দূরবর্তী হাসপাতাল। দীর্ঘদিনের এই অচলাবস্থা ঘোচাতে অবিলম্বে বুনিয়াদপুরে একটি পূর্ণাঙ্গ মহকুমা হাসপাতাল গড়ে তোলার দাবিতে সরব হলেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার রশিদপুর হাসপাতালে ব্লক পাবলিক হেলথ ইউনিট ভবনের উদ্বোধনে এসে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কাছে ব্যবসায়ীরা দাবির কথা জানান। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চেই প্রতিমন্ত্রীর হাতে কড়া ভাষায় লেখা স্মারকলিপি তুলে দেওয়া হয়।
ব্যবসায়ীদের স্পষ্ট অভিযোগ, ১৯৯৪ সালে গঠিত গঙ্গারামপুর (Gangarampur) মহকুমার ভৌগোলিক কেন্দ্রস্থল এই বুনিয়াদপুর শহর। বংশীহারী, হরিরামপুর ও কুশমণ্ডির মতো চারটি ব্লকের প্রশাসনিক সংযোগস্থল হওয়া সত্ত্বেও এখানকার স্বাস্থ্য পরিষেবা আজও প্রাথমিক স্তরেই আটকে রয়েছে। উপযুক্ত পরিকাঠামো না থাকায় সামান্য জটিলতাতেই রোগীদের রেফার করা হচ্ছে অন্যত্র। এর জেরে পথেই অনেকের জীবন সংকটে পড়ছে। স্মারকলিপিতে দ্রুত উপযুক্ত জমি চিহ্নিতকরণ, অর্থবরাদ্দ, চিকিৎসক ও নার্স নিয়োগ, ২৪ ঘণ্টার জরুরি বিভাগ, প্রসূতি ও শিশু বিভাগ, অপারেশন থিয়েটার, আধুনিক প্যাথলজি এবং উন্নত অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর জোরালো দাবি জানানো হয়েছে।
বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক অখিলচন্দ্র হাজরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চারটি ব্লকের প্রাণকেন্দ্র বুনিয়াদপুর। অথচ মহকুমা সদর হওয়া সত্ত্বেও এখানে কোনও মহকুমা হাসপাতাল নেই। হাসপাতালটি গড়ে উঠলে মহকুমার প্রত্যন্ত এলাকার লক্ষাধিক মানুষ সঠিক সময়ে উন্নত চিকিৎসা পাবেন। দীর্ঘদিনের এই বঞ্চনা আর বরদাস্ত করা হবে না। অবিলম্বে আমাদের এই ন্যায্য দাবি মানতে হবে।’ ব্যবসায়ীদের দাবি সংবলিত স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার এবং দ্রুত প্রয়োজনীয় সরকারি পদক্ষেপের স্পষ্ট আশ্বাস দিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার।

