IRAN VS US | আমেরিকা ফের আক্রমণ চালালে ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়াতে পারে, হুঁশিয়ারি তেহরানের

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র (US) ফের সামরিক অভিযান শুরু করলে পশ্চিম এশিয়ার চলমান সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা সোজা ভারত মহাসাগর (Indian Ocean) পর্যন্ত বিস্তার লাভ করবে। বৃহস্পতিবার এক জোরালো বার্তায় এমনই বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন ইরানের (IRAN) সর্বোচ্চ ধর্মীয় নেতার সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি। তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে এই সতর্কবার্তা সামনে এসেছে।

সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী ছাড়িয়ে সংঘাতের আঁচ লোহিত সাগর পর্যন্ত পৌঁছে গিয়েছে বলে উল্লেখ করেন তিনি। ওয়াশিংটনের সম্ভাব্য সামরিক পদক্ষেপের পালটা জবাব দিতে তেহরান যে তাদের রণকৌশল বদলাতে প্রস্তুত, তা আগেই স্পষ্ট করে দিয়েছিল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড।

পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সাম্প্রতিক মন্তব্যের পর। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে উপযুক্ত চুক্তি না হলে প্রতিপক্ষকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। মার্কিন প্রশাসনের এমন আগ্রাসী মনোভাবের জবাবেই তেহরানের এই নতুন রণহুংকার প্রকাশ্যে এল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও পোক্ত করায় আন্তর্জাতিক বাণিজ্য রুটে উত্তেজনা চরমে পৌঁছেছে। সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ও ইউরোপকে সংযোগকারী এই সামুদ্রিক পথটিতে কন্টেনারের পাশাপাশি তেলবাহী জাহাজ চলাচলের গতিও বারবার ব্যাহত হচ্ছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং প্রায় সাত কোটি পাঁচ লক্ষ বর্গকিলোমিটার বিস্তৃত ভারত মহাসাগর বৈশ্বিক জলভাগের প্রায় ২০ শতাংশ অংশ জুড়ে রয়েছে। এই বিস্তীর্ণ জলরাশির ঠিক উত্তর দিকেই রয়েছে ভারত, ইরান, বাংলাদেশ ও পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলি। ফলে সংঘাতের পরিধি যদি এই পর্যন্ত গড়ায়, তবে ভারতের বৈদেশিক বাণিজ্য এবং জ্বালানি আমদানির জ্বালানি সরবরাহ চেন মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। একদিকে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে হরমুজ প্রণালী উন্মুক্ত করা এবং যুদ্ধবিরতি নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত থাকলেও, অন্যপ্রান্তে তেহরানের এই দ্বিমুখী কৌশল আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *