উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ কয়েক মাসের অস্থিরতার পর পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের দামামা। রবিবার রাতে লেবাননের বেইরুটে ইজরায়েলি হামলার বদলা নিতে ইরান থেকে ইজরায়েল লক্ষ্য করে (Iran Israel Missile Assault) একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলো। যদিও ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এই হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তেল আভিভ।
লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে নিশানা করে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। বেইরুট ও সংলগ্ন এলাকায় এই হামলায় সাধারণ নাগরিকের প্রাণহানির জেরে উত্তেজনা চরমে পৌঁছায়। এপ্রিল মাসে আমেরিকা ও ইরানের মধ্যে যে সংঘর্ষবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই হামলার মাধ্যমে তা কার্যত ভেস্তে গেল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর রিপোর্ট অনুযায়ী, রবিবার রাতে ইরান অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তেহরানের দাবি, ইজরায়েলের রামাত ডেভিড বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ইজরায়েলের উত্তর প্রান্তে এর ফলে সাইরেন বেজে ওঠে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে ইজরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এই প্রতিক্রিয়া আরও জোরালো হবে।
ইরানের এই পদক্ষেপের পর ইজরায়েলের সামরিক মুখপাত্র কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইরান এই হামলার মাধ্যমে ভয়ঙ্কর ভুল করেছে।” তবে এখনও পর্যন্ত ইজরায়েল কোনো বড় ধরনের প্রত্যাঘাত করেনি।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে মার্কিন ও ইজরায়েলি যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এবং ইজ়রায়েল কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
