উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ইরান ও ইজরায়েলের মধ্যে (Iran Israel Battle) নতুন করে সংঘাত শুরুর প্রেক্ষাপটে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। এই অবস্থায় ইরানে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছাড়ার পরামর্শ দিল ভারত সরকার। সোমবার তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে একটি জরুরি বিবৃতি জারি করে এই নির্দেশ দেওয়া হয়েছে।
দূতাবাসের নির্দেশিকা ভারতীয় দূতাবাসের বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই অঞ্চলের সাম্প্রতিক উত্তপ্ত ঘটনাবলির প্রেক্ষিতে আগে জারি করা পরামর্শই বহাল রাখা হচ্ছে। কোনো ভারতীয় নাগরিককে বর্তমানে ইরানে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, যে ভারতীয়রা বর্তমানে ইরানে রয়েছেন, তাঁদের যে কোনো উপায়ে দ্রুত দেশ ছাড়ার জন্য বলা হয়েছে। যারা দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাঁদের সেই সফর বাতিল করার পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক।
কেন এই পরিস্থিতি? রবিবার থেকে ইরান-ইজরায়েল সংঘাত নতুন করে দানা বেঁধেছে। লেবাননে আগ্রাসনের প্রতিবাদে ইরান ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়া শুরু করে ইজরায়েলি বাহিনী। সোমবার ইজরায়েলি বাহিনী ইরানে হামলাও চালিয়েছে বলে খবর। যদিও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নেতানিয়াহুকে সংযত থাকার অনুরোধ করবেন, তবে বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ভারতের নজরদারি গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ভারতের নজরে রয়েছে। ভারতীয়দের নিরাপত্তা ও সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সাউথ ব্লক। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি স্থাপনের যে আলোচনা চলছে, এই নতুন সংঘাত তাতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। আপাতত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে থাকা ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
