উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গ্যালারির উন্মাদনা ছাপিয়ে এবার আইপিএল (IPL) ২০২৬-এর আলোচনার কেন্দ্রে ক্রিকেটারদের অফ-ফিল্ড জীবন। টিম হোটেল থেকে শুরু করে যাতায়াতের বাস— সর্বত্র ক্রিকেটারদের তথাকথিত ‘সঙ্গী’ বা অননুমোদিত ব্যক্তিদের অবাধ যাতায়াত নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। নিরাপত্তা ও দুর্নীতি দমন প্রোটোকলে ভাঙার জন্য এবার কড়া নির্দেশিকা জারি করতে চলেছে বোর্ড।
এবারের আইপিএলে দেখা যাচ্ছে, হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষান এবং অর্শদীপ সিংদের মতো ক্রিকেটারদের সঙ্গে প্রায়ই তাঁদের চর্চিত সঙ্গিনী বা অননুমোদিত ব্যক্তিরা যাতায়াত করছেন। এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) জানিয়েছেন, এই বিষয়টি বোর্ডের নজরে এসেছে। তাঁর মতে, অননুমোদিত ব্যক্তিদের খেলোয়াড়দের ঘর বা কর্মকর্তাদের ঘরে প্রবেশ দুর্নীতি দমন প্রোটোকলের সম্পূর্ণ পরিপন্থী।
শুধু ক্রিকেটাররাই নন, বোর্ডের নজরদারিতে রয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিক ও কর্মকর্তারাও। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, ম্যাচের সময় বা দল যখন যাতায়াত করছে, তখন মালিকপক্ষ এমন কিছু জায়গায় প্রবেশ করছেন যেখানে প্রবেশাধিকার সীমিত। সাইকিয়া স্পষ্ট করেছেন, “প্রোটোকল লঙ্ঘনের ঘটনাগুলো আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। শীঘ্রই একটি অ্যাডভাইজারি জারি করা হবে এবং এরপর কোনও নিয়ম ভাঙলে বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ কঠোর আইনি ব্যবস্থা নেবে।”
বোর্ডের এই হুঁশিয়ারির পর আইপিএলের বাকি ম্যাচগুলোতে ড্রেসিংরুম, টিম হোটেল এবং ট্রাভেল গ্রুপগুলোর ওপর নজরদারি কয়েকগুণ বাড়ানো হবে। এই পদক্ষেপের মধ্য দিয়ে খেলার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখাই এখন বোর্ডের মূল লক্ষ্য।
