Taslima Nasrin | ‘যে শহর কাঁদিয়েছিল, সে-ই স্বপ্ন দেখিয়েছে’: দুই দশকের দীর্ঘ নির্বাসন শেষে কলকাতায় ফিরে আবেগঘন তসলিমা নাসরিন

Taslima Nasrin | ‘যে শহর কাঁদিয়েছিল, সে-ই স্বপ্ন দেখিয়েছে’: দুই দশকের দীর্ঘ নির্বাসন শেষে কলকাতায় ফিরে আবেগঘন তসলিমা নাসরিন

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সময় চাকা ঘোরে, ইতিহাসও বদলে যায়— তবে স্মৃতি নাকি কখনো মোছে না। ২০০৭ সালের সেই উত্তাল কলকাতার (Kolkata) ভয়াল স্মৃতি, তৎকালীন রাজ্য সরকারের নির্দেশে আচমকা ‘গৃহহারা’ হওয়ার যন্ত্রণা আর ১৯ বছরের নির্বাসন; সব অভিমান সুদে-আসলে মিটিয়ে অবশেষে তিলোত্তমায় পা রাখলেন বাংলাদেশের বিতর্কিত তথা প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

শনিবার রবীন্দ্র সদনের মঞ্চে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে দাঁড়িয়ে যখন তিনি মাইক হাতে নিলেন, তখন তাঁর উচ্চারিত প্রতিটি শব্দে মিশে ছিল ক্ষোভ, যন্ত্রণা আর ভালোবাসার এক অদ্ভুত মেলবন্ধন। বাম আমলের সেই তিক্ত অতীতকে স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, অন্যায় যতই প্রভাবশালী হোক না কেন, তা কখনো চিরস্থায়ী হতে পারে না।

২০০৭ সালে তসলিমা নাসরিনের উপন্যাস ‘দ্বিখণ্ডিত’কে কেন্দ্র করে ধর্মীয় চরমপন্থীদের রোষে উত্তপ্ত হয়ে উঠেছিল শহর কলকাতা। তৎকালীন বাম সরকারের নির্দেশে ও তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিশেষ পদক্ষেপে লেখিকাকে রাতারাতি কলকাতা ছাড়তে বাধ্য করা হয়েছিল। অশান্তি দমনে সেনা নামানোর ঘটনাও ঘটেছিল শহরের রাজপথে।

আজ দীর্ঘ প্রায় ২০ বছর পর সেই রবীন্দ্র সদনের মঞ্চেই এক বুক আবেগ নিয়ে হাজির তসলিমা। শহরের উদ্দেশে তাঁর আবেগঘন বার্তা, “আমি কতবার মনে মনে প্রশ্ন করেছি কলকাতাকে, আমি তোমার কী ক্ষতি করেছিলাম?  কেন আমাকে চলে যেতে হল?  তবে আজ আমি উত্তর চাইতে আসিনি। আজ বলতে এসেছি, আমি ফিরে এসেছি। আমার চোখে জল আছে, মনে অভিমান আছে কিন্তু দুহাত ভরা ভালোবাসাও আছে। যে শহর আমাকে কাঁদিয়েছে, সেই শহরই আমাকে স্বপ্ন দেখিয়েছে। যে শহর থেকে আমাকে চলে যেতে হয়েছে, সেই শহরেই ফিরে আসার স্বপ্ন আমি এতবছর দেখেছি। আমি জানি চলে যাওয়া আর ফিরে আসার মাঝের ১৯ বছর আমাকে কেউ ফিরিয়ে দিতে পারবে না।”

মঞ্চে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতার দাবিদার তৎকালীন বাম সরকারের কঠোর সমালোচনা করেন তসলিমা। পাশাপাশি নাম না করে পরবর্তী শাসকদলের ১৫ বছরের নিষ্ক্রিয়তা নিয়েও সুর চড়ান তিনি। তাঁর কথায়, “আজকের দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। ইতিহাস মনে রাখে, কারা দরজা বন্ধ করেছিল, কারা খুলল।”

২০২৬ সালে বাংলায় ক্ষমতা বদলের পর বিজেপি নেতৃত্বাধীন সরকারের হাত ধরে তসলিমার এই প্রত্যাবর্তন সম্ভব হলো। রাজ্য সরকারের তরফে লেখিকাকে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আন্তরিক ধন্যবাদ জানান তসলিমা। তবে সেই সঙ্গে এটাও বুঝিয়ে দেন, এই কৃতজ্ঞতা কেবলই সৌহার্দ্যের, রাজনৈতিক অনুগত্যের নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *