উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ম্যাচের শুরু বা শেষে হ্যান্ডশেক নিয়ে বিতর্ক হোক কিংবা অন্য কোনো জল্পনা, সমস্ত অঙ্ক দূরে সরিয়ে আজ বাইশ গজে ফের মুখোমুখি ভারত ও পাকিস্তান (India vs Pakistan Girls Asia Cup 2026)। মহিলাদের এশিয়া কাপে ভারতীয় দল ইতিমধ্যেই শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিলেও, টুর্নামেন্টের এই হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামার আগে বাড়তি উন্মাদনা রয়েছে ক্রিকেট মহলে। দুবাইয়ের মাঠে নামার আগে দুই শিবিরই জয়ের জন্য মুখিয়ে রয়েছে।
কয়েক দিন আগেই দুবাইয়ের মাঠ থেকে এক পাকিস্তানি ভক্তের ‘ভারতকে হারাতেই হবে’ আবদার শুনে পাক ক্যাপ্টেন ফাতিমা সানা মুখে হাসি রেখে ‘ইনশাল্লাহ’ বললেও, ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে হরমনপ্রীত কৌরের দলকে নিয়ে স্পষ্ট সমীহ ঝরে পড়েছে তাঁর গলায়। ফাতিমা স্বীকার করেছেন যে, ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী এবং তাঁদের হারানোর জন্য সেরাটা দিতে হবে।
অন্যদিকে, দারুণ ফর্মে থেকে এই ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান এবং সর্বাধিক সেঞ্চুরির (১৮টি) মালিক হিসেবে নতুন ইতিহাস গড়ে আত্মবিশ্বাসে ভরপুর। হংকংয়ের বিরুদ্ধে রেকর্ড গড়ার পর স্মৃতির হুঙ্কার, ‘এই তো সবে শুরু।’ আজকের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও স্মৃতির চওড়া ব্যাটের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।
আজ নজিরের সামনে হরমনপ্রীত-স্মৃতি: আজকের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামলেই একাধিক কীর্তি গড়বেন ভারতীয় দলের তারকারা:
- হরমনপ্রীত কৌর: মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অধিনায়ক হিসেবে আজ ১৫০তম ম্যাচে নামতে চলেছেন হরমনপ্রীত। পুরুষ বা মহিলা— যে কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার এই অনন্য নজির আর কারও নেই।
- স্মৃতি মন্ধানা: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের সুজি বেটসকে (৪৭৫৮ রান) টপকে যাওয়ার সুযোগ রয়েছে স্মৃতির সামনে। এর জন্য আজ তাঁর প্রয়োজন মাত্র ৭৮ রান।
সব মিলিয়ে ব্যক্তিগত রেকর্ডের হাতছানি থাকলেও, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখাই এখন ক্যাপ্টেন ‘হ্যারি’ অ্যান্ড কোম্পানির প্রধান লক্ষ্য।

