তমালিকা দে, শিলিগুড়ি: ভোটপর্বের খড়া কাটিয়ে চেনা ছন্দে ফিরছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক (Darjeeling Zoo)। বিধানসভা ভোটের জন্য এপ্রিলের শুরু থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চিড়িয়াখানায় একধাক্কায় পর্যটকদের সংখ্যা তলানিতে ঠেকেছিল। যথারীতি কমে যায় রোজগার। কিন্তু ভোট শেষ হওয়া এবং স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হতেই চিড়িয়াখানায় শুধুই কালো মাথার ভিড় (Vacationers)। এমন ভিড়ের মধ্যে রয়েছে বিদেশি পর্যটকরাও। চেনা ছন্দে হাসি ফিরেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের মুখে।
বিক্ষিপ্ত হলেও বৃষ্টির জন্য উত্তরবঙ্গে এখনও তীব্র গরম শুরু হয়নি। কিন্তু দক্ষিণবঙ্গে চরচর করে বাড়ছে তাপমাত্রা। গরম পড়েছে বেশকিছু রাজ্যেও। তার মধ্যে সরকারি স্কুলগুলিতে গরমের ছুটির ঘণ্টা পড়ে গিয়েছে। ফলে পর্যটকদের ডেস্টিনেশন এখন পাহাড়। দার্জিলিং পাহাড়ে আবার যাঁরা পা রাখছেন, তাঁদের ঘুরে বেড়াবার জায়গা হয়ে উঠেছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। রেড পান্ডা, তুষারচিতা, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্নরকমের পশু ও পাখির টানে এখানে আসছেন পর্যটকরা। দেশীয় পর্যটকের পাশাপাশি ভিড় জমাচ্ছেন বিদেশি পর্যটকরাও। যথারীতি সকাল হতে না হতেই টিকিট কাউন্টারের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দেশীয় পর্যটকের সংখ্যা ছিল ৫,০০২ জন। পাশাপাশি চিড়িয়াখানায় এদিন পা রাখেন সাত বিদেশি পর্যটক। ২২ জন বিদেশি পর্যটক সহ মঙ্গলবার টিকিট কেটেছিলেন প্রায় সাড়ে চার হাজার দর্শনার্থী। শনি ও রবিবার ছুটির দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ভিড় দেখে খুশি চিড়িয়াখানার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় বলেন, ‘ভোটের সময়ে পর্যটকের ভিড় অনেকটা কমে গিয়েছিল। গরম বাড়তে শুরু করায় এবং স্কুল, কলেজে ছুটি থাকায় সকাল থেকেই পর্যটকরা আসছেন। ছুটির দিনে এই ভিড় আরও বাড়বে বলে আশা করছি।’ তবে পর্যটকের সংখ্যা বৃদ্ধিতে রাস্তায় তীব্র যানজট তৈরি হচ্ছে। গাড়ি পার্ক করার জায়গা নিয়ে সমস্যা হচ্ছে। যানজটের জন্য এক কিলোমিটার রাস্তা চলতে ঘণ্টাখানেক সময় লাগছে বলে অনেকের বক্তব্য।
হাজার হাজার পর্যটকের পাশাপাশি প্রচুর গবেষক প্রতিবছর দার্জিলিং চিড়িয়াখানায় পা রাখেন। দেশীয় পর্যটকদের টিকিট ১১০ টাকা হলেও বিদেশিদের গুনতে হয় ভারতীয় মুদ্রায় ১৮০ টাকা। পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সাজিয়ে তোলার সিদ্ধান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বেঙ্গল সাফারি ও দার্জিলিং চিড়িয়াখানার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার বিনিময়ের যে পরিকল্পনা ছিল, রাজ্যে সরকার পরিবর্তনে আপাতত তা স্থগিত রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
