India-Pakistan | শরিফ-জয়শংকরকে ফোন রুবিওর! কী বার্তা দিলেন মার্কিন বিদেশসচিব?

India-Pakistan | শরিফ-জয়শংকরকে ফোন রুবিওর! কী বার্তা দিলেন মার্কিন বিদেশসচিব?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে তলানিতে ঠেকেছে ভারত-পাকিস্তানের সম্পর্ক (India-Pakistan)। সিন্ধু জলচুক্তি বাতিল, ভিসা বাতিল সহ একাধিক পদক্ষেপের পর পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমাও বন্ধ করেছে ভারত। পালটা কিছু পদক্ষেপ করা হয়েছে পাকিস্তানের তরফেও। এই সংঘাতের আবহেই এবার দুই দেশের পরিস্থিতি সামাল দিতে এবার উদ্যোগী হল আমেরিকা। বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে (Shehbaz Sharif) ফোন করেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও (US Secretary of State Marco Rubio)। দুজনের সঙ্গেই আলাদাভাবে কথা বলে দুই দেশের মধ্যে বেড়ে চলা উত্তেজনা প্রশমনের আর্জি জানিয়েছেন তিনি।

মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানিয়েছেন, রুবিও ভারত ও পাকিস্তান উভয়কেই আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জয়শংকরের সঙ্গে ফোনে কথোপকথনের সময় রুবিও পহেলগাঁওয়ে এতজনের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে ভারতের পাশেই যে রয়েছে আমেরিকা, সেই প্রতিশ্রুতিই পুনর্ব্যক্ত করেছেন রুবিও।

মার্কিন বিদেশসচিব পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। জানা গিয়েছে, ক্রমবর্ধমান উদ্বেগের মাঝেই ভারতের বিরুদ্ধে ‘উত্তেজনাপূর্ণ এবং উসকানিমূলক আচরণ’ করার অভিযোগ করেছেন শরিফ। পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের উসকানি সন্ত্রাসবাদ, বিশেষত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াইয়ের পাকিস্তানের চলমান প্রচেষ্টাকে নষ্ট করছে।’ এমনকি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তান যে যুক্ত নয়, ফের সেই দাবিই করেছেন শরিফ। এই হামলার নিরপেক্ষ তদন্তের দাবিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। সেই সঙ্গে মার্কিন বিদেশসচিবের কাছে শরিফ আবেদন জানিয়েছেন, তারা যেন ভারতকে ‘উত্তেজনামূলক বিবৃতি’ দেওয়া থেকে বিরত রাখে। কারণ এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *