উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : দিল্লি এইমসে চিকিৎসাধীন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার বিমানে দিল্লি যাওয়ার পথে অসুস্থ বোধ করায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বর্ষীয়ান এই নেতার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
সূত্রের খবর, দলীয় কাজে শুক্রবার কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন ৮৭ বছর বয়সী বিমান বসু। বিমানে তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাঁকে সরাসরি একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি রয়েছে এবং অবিলম্বে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এরপরই তাঁকে এইমসে ভর্তি করা হয়।
মহম্মদ সেলিম জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন তাঁকে বিশ্রামে রাখা হয়েছে এবং দেখা করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। চিকিৎসকরা দলের শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছেন যে, বিমান বসু বিপদমুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করা হচ্ছে, দু-একদিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তবে হাসপাতাল থেকে ফেরার পরেও কয়েকদিন তাঁকে দিল্লিতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হতে পারে।
বামফ্রন্ট চেয়ারম্যানের সুশৃঙ্খল জীবনযাপন ও খাদ্যাভ্যাস নিয়ে দলের অন্দরে যথেষ্ট সুনাম রয়েছে। ৮৭ বছর বয়সেও তিনি অত্যন্ত সক্রিয়। তবে প্রবীণ এই নেতার অভ্যাসের মধ্যে ধূমপান ছিল অন্যতম। চিকিৎসকরা জানিয়েছেন, পেসমেকার বসানোর পরবর্তী পর্যায়ে তাঁর জীবনযাত্রার অভ্যাসে বড়সড় পরিবর্তন আনতে হবে। ধূমপান ত্যাগ করা থেকে শুরু করে খাওয়াদাওয়া-প্রতিটি ক্ষেত্রেই কঠোর নিয়ম মেনে চলতে হবে তাঁকে।

