উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেকেই ব্রেকফাস্টে নানা রকমের সবজি কিংবা ফল দিয়ে জুসার বা ব্লেন্ডারে স্মুদি বানিয়ে খান। আর যন্ত্রটি ধোয়ার সময় ফল বা সবজির অবশিষ্ট অংশ ব্লেডের গায়ে লেগে থাকে। যা সহজে উঠতেও চায় না। দীর্ঘদিন ওইভাবে রেখে দিলে জুসার কিংবা ব্লেন্ডারের ব্লেডের গায়ে মরচেও পড়ে যেতে পারে। তবে ঘরোয়া কয়েকটি পদ্ধতি জানা থাকলে কম সময়ে সহজেই যন্ত্রটি পরিষ্কার করা যাবে (Ideas)।
তরল সাবান
জুস বা স্মুদি তৈরি করার পর অনেকেই জারের মধ্যে জল ভরে রাখেন। ওই জলের মধ্যেই কয়েক ফোঁটা বাসন মাজার তরল সাবান দিয়ে দিন। এবার জারের মুখ বন্ধ করে একবার জুসার বা ব্লেন্ডারটি চালিয়ে নিন। ব্যস এতেই কাজ হয়ে যাবে।
ভিনিগার
জুসার বা ব্লেন্ডার পরিষ্কার করে দিতে পারে ভিনিগার। জল এবং ভিনিগার সম পরিমাণে মিশিয়ে ব্লেন্ডার বা জুসারটি একবার চালিয়ে নিন। কিছুক্ষণ পরে জল দিয়ে ধুয়ে ফেলুন।
বেকিং সোডা
জুসারের মধ্যে এক কাপ হালকা গরম জল নিন। তার সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিন। এবার জুসার বা ব্লেন্ডারটি চালিয়ে নিন। মাজা-ঘষার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই কাজ শেষ।
