উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) নিয়ে ভারত ও বাংলাদেশের টানাপোড়েন এবার আন্তর্জাতিক কূটনৈতিক লড়াইয়ের রূপ নিল। মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে তারা পূর্ণ সমর্থন করছে। শুধু আইসিসি নয়, এই চিঠির কপি পাঠানো হয়েছে বোর্ডের অন্য সদস্য দেশগুলোকেও।
সূত্রের খবর, পাকিস্তান তাদের চিঠিতে স্পষ্ট করেছে যে রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে বাংলাদেশ যে ভারতে খেলতে চাইছে না, তা অত্যন্ত যুক্তিযুক্ত। বুধবার আইসিসি-র একটি গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং হওয়ার কথা। ওয়াকিবহাল মহলের ধারণা, পাকিস্তানের এই চিঠির চাপে পড়েই শেষ মুহূর্তে এই জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। উল্লেখ্য, পাকিস্তান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে বাংলাদেশের দাবি মানা না হলে তারাও বিশ্বকাপ বয়কট করতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলি ভারতের বদলে শ্রীলঙ্কায় সরানোর দাবি জানিয়েছিল। আইসিসি তাতে রাজি না হওয়ায় বিসিবি একটি নতুন প্রস্তাব দেয়:
- প্রস্তাব: বাংলাদেশকে ‘গ্রুপ সি’ (কলকাতা ও মুম্বই ভেন্যু) থেকে সরিয়ে ‘গ্রুপ বি’-তে পাঠানো হোক।
- বিনিময়: গ্রুপ বি-র আয়ারল্যান্ডকে গ্রুপ সি-তে আনা হোক, কারণ আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায় নির্ধারিত। তবে আইসিসি এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড—উভয় পক্ষই এই অদলবদলের প্রস্তাব খারিজ করে দিয়েছে।
বিতর্কের মূলে রয়েছে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনা। এরপর থেকেই বিসিবি নিরাপত্তার প্রশ্ন তুলে ভারতে দল পাঠাতে অনীহা প্রকাশ করে। গত শনিবার ঢাকায় আইসিসি ও বিসিবি-র বৈঠক হলেও কোনও রফাসূত্র মেলেনি।
এখনও পর্যন্ত আইসিসি তাদের সূচি পরিবর্তনের বিপক্ষে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, পাকিস্তানের এই চিঠি আইসিসি-র সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে বাংলাদেশকে হয় ভারতে এসে খেলতে হবে, না হলে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে। বুধবারের বৈঠকেই নির্ধারিত হবে লিটন দাসদের ভাগ্য।
