উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রত্যাশা পূরণে ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৭ রানে হেরে গেল আফগানিস্তান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে করাচির মাঠে পরস্পরের বিরুদ্ধে নেমেছিল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার রিকেলটনের ব্যাটিং বিক্রমে ধরাশায়ী হয়ে যায় আফগানরা। এদিন প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান। রানের পাহাড়ে চরতে গিয়ে মুখ থুবরে পরে রশিদ খানদের দল। ২০৮ রানে থেমে যায় তাদের ইনিংস। আফগানিস্তানকে ১০৭ রানে পরাজিত করে যাত্রা শুরু করল প্রোটিয়ারা। সেই সঙ্গে নেট রানরেটেও অনেকটা এগিয়ে রইলেন টেম্বা বাভুমারা। অন্যদিকে ৭টি চার ও একটি ছয়ে শতরান করে ফেলেন রিকেলটন। ১০৩ রান করার পরই অবশ্য আউট হয়ে যান। হাফসেঞ্চুরি করে যান রাসি ভ্যান ডের ডুসেন (৫২) ও আইডেন মার্করাম (৫২)। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা রান তোলে ৩১৫।
৩১৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ১০ রান করেই আউট হয়ে যান আফগানিস্তানের নির্ভরযোগ্য ব্যাটার গুরবাজ। আফগানদের মধ্যে একমাত্র ভালো ব্যাট করেন রহমত শাহ। মাত্র ১০ রানের জন্য তাঁর শতরান হাতছাড়া হয়। অধিনায়ক শাহিদি শূন্য রানে আউট হন। ব্যর্থ অভিজ্ঞ আফগান ব্যাটার মহম্মদ নবি থেকে গুলবাদিন নাইব। মাঝে একবার কালো বিড়াল ঢুকে অল্প কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। শেষ পর্যন্ত ২০৮ রানে থেমে যায় আফগান ইনিংস। নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা তোলেন ৩ উইকেট। দুটি করে উইকেট এনগিডি ও মুলডারের। এই ম্যাচ জিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডদের কঠিন গ্রুপে অনেকটাই এগিয়ে রইল প্রোটিয়ারা।
