রায়গঞ্জ: উত্তর দিনাজপুর ও মালদা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। উত্তরবঙ্গের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে চিঠি দিয়ে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথের (New Railway Line) কাজ শুরুর অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পে রায়গঞ্জ-ডালখোলা, গাজোল-ইটাহার এবং রায়গঞ্জ-ইটাহার রুটে নতুন রেললাইন নির্মাণের সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রক।
বর্তমানে রায়গঞ্জ (Raiganj) থেকে ডালখোলা (Dalkhola) যেতে হলে একুশ কিলোমিটার দূরবর্তী বারসই পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার ঘুরে গিয়ে ট্রেন পৌঁছায় ডালখোলায়। সূত্রের খবর, নতুন রায়গঞ্জ-ডালখোলা রেল যোগাযোগ স্থাপন হলে রায়গঞ্জ বাইপাস সংলগ্ন রেললাইনের কিছুটা দূরে গিয়ে ডালখোলার দিকে লাইন চলে যেতে পারে। অন্যদিকে রায়গঞ্জ থেকে ইটাহার ও ইটাহার থেকে গাজোল রুটে কোনো রেলপথই নেই। এই রেলপথ নির্মাণের পর ইটাহারবাসী প্রথম রেলপথের স্বাদ পাবেন।
রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, “রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোরের নতুন ট্রেনের পর জেলাবাসীর অন্যতম বড় চাহিদা ডালখোলা-রায়গঞ্জ নতুন রেলপথ এবং রায়গঞ্জ থেকে গাজোল (ভায়া ইটাহার) রেলপথের অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জেলাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অশেষ ধন্যবাদ জানাই।”
