উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীরের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের আঁচ এবার বিধানসভার অন্দরে। সোমবার অধিবেশন চলাকালীন এই ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। মন্ত্রী শংকর ঘোষের আবেদনের প্রেক্ষিতে হুমায়ুন কবীরকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Humayun Kabir Controversial Comment)।
বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, হুমায়ুন কবীরের মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, “দেশের সংবিধান ও আইনই শেষ কথা বলে। কোনো বাপের বেটা এমন হুঁশিয়ারি দিতে পারে না। আপনি এইসব বেপরোয়া মন্তব্য বন্ধ করুন।”
হুমায়ুন কবীরকে সতর্ক করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেখব কী করে। যারা ওই সভায় আপনাকে ডেকেছিল, আগে তাদের তুলব, তারপর আপনার কাছে যাব।” একই সঙ্গে মুখ্যমন্ত্রী বিধায়কের উদ্দেশ্যে দৃঢ়ভাবে বলেন, “এটাই আপনার শেষ বক্তব্য। এভাবে আপনাকে আর কোনো বেপরোয়া মন্তব্য করতে দেব না, দেব না, দেব না।”
নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের একের পর এক মন্তব্যে বেশ কিছুদিন ধরেই রাজ্যজুড়ে অস্বস্তি তৈরি হয়েছে। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই কঠোর অবস্থান হুমায়ুন কবীরের মতো বিধায়কদের জন্য একটি বড় বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কোনোভাবেই এই ধরনের উসকানিমূলক মন্তব্য বরদাস্ত করবে না, তা আজ বিধানসভায় স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

