বহরমপুর: বিধানসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদের রাজনৈতিক পারদ এক ধাক্কায় তুঙ্গে তুলে দিলেন জনতা উন্নয়ন পার্টির (JUP) চেয়ারম্যান হুমায়ুন কবির (Humayun Kabir)। শুক্রবার সন্ধ্যায় বহরমপুরের রেজিনগর বিধানসভা (Rejinagar) এলাকায় এক জনসভা থেকে স্থানীয় তৃণমূল নেতাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তিনি। তাঁর দলের কর্মীদের ওপর অত্যাচার হলে শাসকদলের নেতাদের ‘গঙ্গার পার’ না করতে দেওয়ার নিদানও দিয়েছেন এই দাপুটে নেতা।
রেজিনগরের সভা থেকে মাইক্রোফোন হাতে হুমায়ুন কবির সরাসরি আক্রমণ শানান স্থানীয় তৃণমূল নেতৃত্বের ওপর। তাঁর অভিযোগ, পুলিশ-প্রশাসনকে ঢাল হিসেবে ব্যবহার করে তাঁর দলের কর্মীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে। প্রকাশ্য মঞ্চ থেকে হুমায়ুন বলেন, “আমার কর্মীদের ওপর হাত দিলে বা পুলিশ দিয়ে ভয় দেখালে তার যোগ্য জবাব দেওয়া হবে। পরিস্থিতি এমন হবে যে, তৃণমূলের নেতারা গঙ্গার পার হতে পারবেন না।”
হুমায়ুন কবিরের এই মন্তব্য মুর্শিদাবাদের সদর মহকুমায় নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। তাঁর এমন ‘মারমুখী’ অবস্থানে দলীয় কর্মীদের মধ্যে উন্মাদনা দেখা দিলেও সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে চাপা আতঙ্ক। আসন্ন নির্বাচনের আগে হুমায়ুনের এই রণকৌশল কি শাসকদলকে চাপে ফেলবে, নাকি বিরোধীদের অক্সিজেন জোগাবে—তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
হুমায়ুন কবিরের সভার পর থেকে যাতে রেজিনগরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে চলছে পুলিশের টহলদারি। এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে এই মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
