উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একসময়ে মাদকের করাল গ্রাসে নিজেকে প্রায় শেষ করে ফেলেছিলেন খ্যাতনামা ব়্যাপার হানি সিং (Honey Singh)। নিজের মুখেই স্বীকার করেছিলেন, “ড্রাগ আমাকে একেবারে নষ্ট করে দিয়েছে।” কিন্তু সেই অন্ধকার গলি থেকে নিজের প্রবল ইচ্ছাশক্তিতে আলোর পথে ফিরে এসেছেন তিনি। শিল্পীর সেই ঘুরে দাঁড়ানোর লড়াইকেই এবার পঞ্জাবের মাদকাসক্ত তরুণ প্রজন্মের কাছে বড় অনুপ্রেরণা হিসেবে তুলে ধরতে উদ্যোগী হলো বিজেপি। মঙ্গলবার ব়্যাপার হানি সিংয়ের সঙ্গে দেখা করেন পঞ্জাবের বিজেপির নেতা তরুণ চুঘ। খবর, সেখানেই রাজ্যে মাদকের ভয়াবহ প্রকোপ নিয়ে উভয়ের আলোচনা হয় এবং পঞ্জাবকে মাদকমুক্ত করার জন্য হানির সাহায্য প্রার্থনা করেন বিজেপি (BJP) নেতা।
পঞ্জাবের (Punjab) বর্তমান পরিস্থিতিতে মাদকাসক্তি এক ভয়াবহ আকার ধারণ করেছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশ এর বলি হচ্ছে, যা পরিবারগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মঙ্গলবার চণ্ডীগড়ে তরুণ চুঘের সঙ্গে আলোচনার সময় হানি সিং বলেন, “পঞ্জাব এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই বিপদ থেকে রাজ্যকে রক্ষা করতেই হবে। আমি ব্যক্তিগতভাবে এই লড়াইয়ে পাশে আছি।” অন্যদিকে, তরুণ চুঘ জানান, মাদকাসক্তির বিরুদ্ধে পঞ্জাবে যে ‘সুনামি’ মোকাবিলা করতে হচ্ছে, সেখানে হানি সিংয়ের মতো একজন ব্যক্তিত্বের সরব হওয়া অত্যন্ত জরুরি। তিনি বলেন, “হানি সিং যদি মাদক থেকে বেরিয়ে এসে সাফল্যের শিখরে ফিরতে পারেন, তবে পঞ্জাবের প্রতিটি সন্তানই তা পারবে।”
উল্লেখ্য, হানি সিংয়ের অতীত জীবনসংগ্রাম যথেষ্টই কঠিন ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে জানিয়েছেন কীভাবে মাদকের নেশা তাঁকে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন তিনি। নিজের ভুল স্বীকার করে ব়্যাপার বলেছিলেন, সাফল্যের শিখরে পৌঁছে তিনি কীভাবে পথ হারিয়েছিলেন। দীর্ঘ আট বছর সেই নেশার সঙ্গে লড়াই করে তিনি নিজেকে সুস্থ করে তুলেছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হানি সিংয়ের মতো একজন সেলিব্রিটি যখন নিজে থেকে তাঁর খারাপ সময়ের কথা স্বীকার করে যুব সমাজকে সচেতন করার বার্তা দেন, তখন তার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। এখন দেখার, পঞ্জাবের এই সংকটময় মুহূর্তে ব়্যাপার হানি সিংয়ের এই ‘নেশামুক্ত’ যাত্রা সেখানকার তরুণ সমাজকে কতটা পথ দেখাতে পারে।
