উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের আমজনতার হেঁশেলে কোপ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অগ্নিমূল্যের দোহাই দিয়ে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (Cooking Fuel)। আজ থেকে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা (Home LPG Value Hike)। গত তিন মাসে এটি দ্বিতীয়বার মূল্যবৃদ্ধি, যা মধ্যবিত্তের পকেটে বড়সড়ো টান ফেলতে চলেছে। সেই সঙ্গে ৫ কেজির ছোট সিলিন্ডারের দামও বেড়েছে ১০.৫০ টাকা বেড়েছে।
পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে এলপিজি-র দাম আকাশছোঁয়া। সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে সৌদি অ্যারামকোর বেঞ্চমার্ক প্রাইস ছিল টন প্রতি ৫২২ ডলার, যা এপ্রিলের সংকটের পর বেড়ে দাঁড়িয়েছে ৭৭৫ ডলারে। এর ফলে ভারতের মতো আমদানিনির্ভর দেশে জ্বালানি ব্যয় বহুগুণ বেড়েছে। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, প্রতিটি সিলিন্ডার সরবরাহে সরকারের প্রকৃত খরচ প্রায় ১,৬০০ টাকা। তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি সিলিন্ডারে এখনও ৬০০ থেকে ৭০০ টাকা লোকসান গুনছে।
এই পরিস্থিতিতে চরম ক্ষুব্ধ বিরোধীরা। কংগ্রেস এই মূল্যবৃদ্ধিকে মোদি সরকারের ‘জনবিরোধী’ নীতি বলে আক্রমণ করেছে। দলের তরফে ‘ইনফ্লেশন ম্যান মোদি’ কটাক্ষ করে বলা হয়েছে, সাধারণ মানুষকে লুটে ধনকুবের বন্ধুদের পকেট ভরানোই সরকারের লক্ষ্য। পঞ্জাব কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং প্রশ্ন তুলেছেন, “এটিই কি সেই ‘আচ্ছে দিন’?”
উল্লেখ্য, দাম বৃদ্ধির পর দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৪২ টাকা। পাশাপাশি কলকাতায় সেই সিলিন্ডারের দাম বর্তমানে ৯৬৮ টাকায় দাঁড়িয়েছে। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) সুবিধাভোগীরা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ টাকা ভর্তুকি পাবেন। সরকার জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির চাপে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তারা নিয়মিত ভর্তুকি দিয়ে যাচ্ছে। একইসঙ্গে পেট্রোল-ডিজেল ও সিএনজি-র দাম বৃদ্ধির জেরেও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। আগামী দিনে জ্বালানির এই চড়া দাম জীবনযাত্রার খরচে বড় প্রভাব ফেলবে বলেই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।
