Hili | হিলিতে তৃণমূলের বড় ধাক্কা! একসঙ্গে ইস্তফা পঞ্চায়েত সমিতির ৬ সদস্যের

Hili | হিলিতে তৃণমূলের বড় ধাক্কা! একসঙ্গে ইস্তফা পঞ্চায়েত সমিতির ৬ সদস্যের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হিলি: রাজ্যে ক্ষমতার পালাবদলের রেশ এবার দক্ষিণ দিনাজপুরের হিলিতে (Hili)। একসঙ্গে ইস্তফা দিলেন হিলি পঞ্চায়েত সমিতির (Panchayat Samiti) ৬ সদস্য। সোমবার দুপুরে মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তাঁরা (Members resigned)। নতুন সরকার গঠনের পর থেকেই স্থানীয় পঞ্চায়েত স্তরে এই পদত্যাগের ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে।

হিলি পঞ্চায়েত সমিতিতে ১৪টি আসন রয়েছে। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ১৪টির মধ্যে ১১টিতে জিতেছিল তৃণমূল, ২টিতে বিজেপি ও ১টিতে সিপিএম। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠাতে পেয়ে সেবার পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছিল তৃণমূল। কিন্তু রাজ্য সরকারের পরিবর্তনের পরেই পরিস্থিতির দ্রুত বদল ঘটে। গত বুধবার ১ নম্বর হিলি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের পদত্যাগের পর, এবার পঞ্চায়েত সমিতির সদস্যদের ইস্তফা তৃণমূলের সংগঠনের ভিতকে নড়বড়ে করে দিল।

সোমবার ইস্তফা দেওয়া সদস্যদের মধ্যে রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মণ্ডল, সহকারী সভাপতি তাপস বর্মন, পূর্ত কর্মাধ্যক্ষ মিহির সরকার, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মিন্টু সরকার, কৃষি কর্মাধ্যক্ষ নাসির মণ্ডল এবং মৎস্য কর্মাধ্যক্ষ মৌসুমি খাতুন। তাঁরা প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এপ্রসঙ্গে হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী সরকার মণ্ডল বলেন, ‘পারিবারিক সমস্যার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কোনও চাপে পড়ে নয়, এলাকার অসম্পূর্ণ কাজগুলো যেন নতুন সরকারের আমলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাই আমরা ইস্তফা দিয়েছি।’ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তাপস বর্মনও বলেন, ‘শারীরিক সমস্যা হচ্ছিল। মানসিক ও পারিবারিক অবস্থা ভালো নেই। তাই ইস্তফা দিয়েছি।’

তবে বোর্ডের সবাই ইস্তফা দেননি। ১১ জনের মধ্যে ৬ জনের ইস্তফার পর এখনও ৫ জন রয়েছেন। এনিয়ে পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ দীপিকা বর্মন বলেন, ‘আমাকে ইস্তফা দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছি। আমরা ৫ জন ইস্তফা দিইনি। ভবিষ্যতে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।’ এই পরিস্থিতিতে পঞ্চায়েত সমিতির বোর্ডের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। এ বিষয়ে বালুরঘাটের মহকুমা শাসক দেবব্রত রায় বলেন, ‘ইস্তফাপত্রগুলো পেয়েছি। আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *