উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজনীতির আঙিনায় ভোটের উত্তাপ তুঙ্গে থাকলেও, প্রকৃতির মেজাজ এখন একদম উল্টো। কালবৈশাখী আর বজ্রগর্ভ মেঘের দাপটে রাজ্যজুড়ে এখন ‘ঠান্ডা ঠান্ডা, কুল কুল’ আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরবঙ্গেও দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে (Heavy Rain Forecast)।
উত্তরবঙ্গের আবহাওয়া: লাল সতর্কতা?
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট অনেক বেশি থাকবে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ ছাড়া:
- দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
- উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- আগামী রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের হালহকিকত
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সাতটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়ায় ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে নদিয়া ও দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
রেকর্ড বৃষ্টিতে উধাও গরম
গত বুধ ও বৃহস্পতিবারের রেকর্ড বৃষ্টিতে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় সাড়ে ৭ ডিগ্রি কমে গিয়েছে। এই দুই দিনে কলকাতায় মোট ৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ২৮.২ ডিগ্রিতে।
গণনার দিন কি বাগড়া দেবে বৃষ্টি?
আশঙ্কার কথা হলো, আগামী ৪ মে অর্থাৎ ভোট গণনার দিনও রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির এই ধারা বজায় থাকবে। ফলে গণনার দিনও বৃষ্টির সঙ্গেই ফল জানতে হবে বঙ্গবাসীকে।
