উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আর্জি মেনে শেষ মুহূর্তে ইরানের ওপর নির্ধারিত ক্ষেপণাস্ত্র হামলা (US-Iran Battle) স্থগিত রাখার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, একটি সম্ভাব্য চুক্তির প্রাথমিক রূপরেখা তৈরি হয়েছে। তবে একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই চুক্তি দ্রুত কার্যকর হলেই কেবল হামলা স্থগিতের সিদ্ধান্ত বজায় থাকবে।
ট্রাম্পের দাবি, এই প্রস্তাবিত চুক্তিতে দুটি প্রধান বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রথমত, পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ অবিলম্বে সম্পূর্ণরূপে খুলে দেওয়া এবং দ্বিতীয়ত, ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইজরায়েলও এই চুক্তির প্রক্রিয়ায় যুক্ত হতে সম্মতি জানিয়েছে, যা গত পাঁচ মাস ধরে চলা এই আঞ্চলিক যুদ্ধের ইতি টানতে পারে। তবে এনিয়ে ইজরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অন্যদিকে, ট্রাম্পের এই বার্তার আগে থেকেই তেহরান শক্ত অবস্থান গ্রহণ করেছিল। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপে স্পষ্ট জানান, আমেরিকা কোনও দুঃসাহসিক পদক্ষেপ নিলে ইরান তার কড়া জবাব দেবে। সেই সঙ্গে ইরানের তরফে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, মার্কিন বাহিনী ইরানের জ্বালানি পরিকাঠামোয় আক্রমণ করলে সৌদি আরব, আমিরশাহি, কাতার ও ইজরায়েলের তেল-গ্যাস ক্ষেত্রগুলোতে পালটা ধ্বংসাত্মক হামলা চালানো হবে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আকাশ এখনও চরম উত্তপ্ত। চুক্তি কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে নাকি যুদ্ধের দাবানল আরও ছড়িয়ে পড়বে, এখন সেদিকেই নজর পুরো বিশ্বের।

