হরিশ্চন্দ্রপুর: জাল আধার কার্ড তৈরির এক বড়সড়ো চক্রের পর্দাফাঁস করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Harishchandrapur)। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের শরণপুর গ্রামে হানা দিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে রয়েছেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার ওমর ফারুক। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বিহারের আমদাবাদের বাসিন্দা রাজু কুমার শর্মা ও হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারী এলাকার বাসিন্দা অঙ্কিত কুমার শর্মাকে।
পুলিশ সূত্রে খবর, সিভিক ভলান্টিয়ার ওমর ফারুকের বাড়িতেই রমরমিয়ে চলত এই জাল আধার তৈরির কাজ (Pretend Aadhaar card racket)। ধৃত ওমর ফারুকের স্ত্রী ফারহানা রহমানি আবার সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর জাল আধার কার্ড এবং আধার কার্ড তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চক্রটি জাল আধার কার্ড তৈরি করে বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশের সুযোগ করে দিত (Unlawful immigration)। বিহারের এক যুবকের লগ-ইন আইডি ব্যবহার করে এই কাজ করা হচ্ছিল বলে জানা গিয়েছে। ওই আইডি কীভাবে তাদের হাতে এল, তা নিয়ে চলছে জোরদার তদন্ত। ধৃতদের আজ আদালতে তোলা হবে এবং তদন্তের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
