উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা এবং আর্থিক অনিয়মের অভিযোগের ঘটনায় (Messi Occasion Chaos) এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) তলব করল (Summoned) বিধাননগর দক্ষিণ থানা। আগামী ৪ জুন, বৃহস্পতিবার তাঁকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মেসি সফরের সময় অনুষ্ঠানের আয়োজক ছিলেন শতদ্রু দত্ত (Satadru Dutta)। অনুষ্ঠানের পর বিশৃঙ্খলার জেরে শতদ্রু গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পান। এরপরই তিনি অরূপ বিশ্বাসের বিরুদ্ধে সরব হন। শতদ্রুর অভিযোগ, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তাঁর কাছ থেকে ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট জোর করে নিয়েছিলেন, যা পরে কালোবাজারি করা হয়েছে। টিকিট না দিলে অনুষ্ঠান বাতিলের হুমকি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন তিনি।
শতদ্রুর অভিযোগের ভিত্তিতেই গত শনিবার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর (FIR) দায়ের হয়। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট পাঁচটি ধারায় মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে— অভিন্ন উদ্দেশ্য ৩(৫), তোলাবাজি ৩০৮(২), প্রতারণা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শন ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্র ৬১(২)। এই এফআইআরের পরিপ্রেক্ষিতেই প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
তবে গ্রেপ্তারির আশঙ্কায় অরূপ বিশ্বাস ইতিমধ্যে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। অন্যদিকে, শতদ্রু দত্ত জানিয়েছেন, অরূপ বিশ্বাসের পাশাপাশি আরও কয়েকজনের নাম যুক্ত করতে এবং ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) সহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় তদন্তের পরিধি বাড়াতে পুলিশকে আবেদন জানাবেন তিনি। অভিযোগকারী ক্রীড়া সংগঠক দাবি করেছেন, অরূপ বিশ্বাস ও প্রশাসনের কয়েকজন উচ্চপদস্থ কর্তার কারণেই মেসির অনুষ্ঠান পণ্ড হয়েছিল এবং টিকিট কেটেও বহু দর্শক তারকাকে দেখতে পাননি।
উল্লেখ্য, এই বিশৃঙ্খলার ঘটনার পর সমালোচনার মুখে পড়ে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন করে মেসি কাণ্ডের তদন্তে গতি আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
