হরিশ্চন্দ্রপুর: নির্বাচন কমিশনের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) শুনানিকে কেন্দ্র করে ফের চরম হেনস্থার অভিযোগ উঠল। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক চত্বরে দেখা গেল এই দৃশ্য। নথির অসঙ্গতি মেটাতে তলব করা হয়েছিল ৭৫ বছর বয়সী চলৎশক্তিহীন বৃদ্ধ আব্দুর রহিমকে। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, কিন্তু কমিশনের নির্দেশ তো অমান্য করা যায় না! তাই তাল বাংরুয়া গ্রাম থেকে টোটোয় চেপে কোনওরকমে ব্লক অফিস পর্যন্ত পৌঁছালেও, সেখান থেকে শুনানি কক্ষ পর্যন্ত যাওয়ার কোনও উপায় ছিল না তাঁর। শেষমেশ গেট থেকে মাটিতে হামাগুড়ি দিয়েই এগোতে শুরু করেন তিনি।
শুনানি কেন্দ্রে সেই সময় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। তৎক্ষণাৎ তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বৃদ্ধ আব্দুর রহিমকে চ্যাংদোলা করে কোলে তুলে নেন এবং সরাসরি পৌঁছে দেন আধিকারিকের সামনে।
শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তাজমুল হোসেন। তিনি বলেন, “বিজেপি সরকার এসআইআর-এর নামে মানুষদের হেনস্থা করছে। দু পায়ে চলতে পারেনা এমন এক ৭৫ বছরের বৃদ্ধকে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে।”
অসহায় বৃদ্ধ আব্দুর রহিম জানান, তিনি দীর্ঘদিন ধরেই হাঁটতে পারেন না। নথিতে গোলমালের নোটিশ পেয়ে চিন্তায় পড়েছিলেন। তাঁর কথায়, ‘আমি হাঁটতে পারি না। কোনওরকমে বাড়ি থেকে ব্লকে এসেছিলাম কিন্তু গেট থেকে ভেতরে আসার আর উপায় ছিল না। বাধ্য হয়ে হামাগুড়ি দিয়েছিলাম তারপরে মন্ত্রীর নেতৃত্বে শাসকদের নেতারাই আমাকে চ্যাংদোলা করে ভেতরে নিয়ে গেল।’
