উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুর পর বৃহস্পতিবার থেকে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ (Bangladesh)। বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা হয়েছে। বিক্ষোভকারীরা একাধিক সংবাদপত্রের অফিস ভাঙচুর চালিয়েছে। তাদের হাত থেকে রেহাই পায়নি বাংলাদেশের প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠন ছায়ানট (Chayanaṭa)।
বৃহস্পতিবার রাত ১টা নাগাদ ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা চালান বিক্ষোভকারীরা। সারারাত ধরে ছায়ানট ভবনে তাণ্ডব চালানোর পাশাপাশি আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে। আছড়ে ভেঙে ফেলা হয়েছে হারমোনিয়াম, চেয়ার, টেবিল, বেঞ্চ, দরজা, জানলা।
সাততলা ওই ভবনের প্রতিটি ঘরে ঢুকে ভাঙচুর করা হয়েছে। ছায়ানট ভবনের ওই হামলার ঘটনার ছবি ও ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেই সমস্ত ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।
এরপর রাত ৩টে নাগাদ ছায়ানটের তরফে সমাজমাধ্যমে ঘোষণা করা হয়, তাদের সংগঠনের কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে। সেখানে যে সমস্ত সঙ্গীতচর্চার ক্লাস নেওয়া হত, তাও আপাতত বন্ধ থাকবে।
ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিও বিক্ষোভকারীদের হামলার হাত থেকে রেহাই পায়নি।
